ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

প্রোটিয়াদের অ্যাওয়ার্ডে ডি ককের বাজিমাত

প্রোটিয়াদের অ্যাওয়ার্ডে ডি ককের বাজিমাত
×

ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২০ | ১২:০০ | আপডেট: ০৬ জুলাই ২০২০ | ০২:৫১

করোনাভাইরাসের কারণে ভার্চুয়ালি বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ)। শনিবার রাতের সেই অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার মনোনীত হয়েছেন কুইন্টন ডি কক।

পাশাপাশি আরও দুটি পুরস্কার জিতেছেন উইকেটকিপার এই ব্যাটসম্যান। বর্ষসেরা টেস্ট ক্রিকেটার ও ক্রিকেটারদের চোখেও সেরা হয়েছেন ডি কক। মেয়েদের বিভাগে বর্ষসেরা হয়েছে লরা উলভার্ট। ২১ বছর বয়সী এই নারীও মোট তিনটি পুরস্কার পেয়েছেন। ওয়ানডেতে সেরার পাশাপাশি নারী ক্রিকেটারদের চোখেও সেরা হয়েছেন তিনি।

তরুণ ফাস্ট বোলার লুনগি এনগিডি ওয়ানডে ও টি২০ দুই সীমিত ওভারের ফরম্যাটেই সেরা হয়েছেন। ফ্যানদের ভোটে সেরা ক্রিকেটার হয়েছেন ডেভিড মিলার। আর ২০১৯-২০ মৌসুমের সেরা নবীন হয়েছেন আনরিচ নর্তে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা হলেন ডি কক। তার আগে জ্যাক ক্যালিস, এবি ডি ভিলিয়ার্স, হাশিম আমলা, মাখায়া এনটিনি, কাগিসো রাবাদা একাধিকবার বর্ষসেরার পুরস্কার পেয়েছেন।

তবে দল হিসেবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের জন্য গত মৌসুম ভালো কাটেনি। বিশ্বকাপে তারা চরম ব্যর্থ ছিলেন। ভারত সফরেও টেস্ট সিরিজে যাচ্ছেতাইভাবে হেরেছেন। এরপর ঘরের মাঠে ইংল্যান্ডের কাছেও হারের লজ্জা পেয়েছেন। ঘরের মাঠে চারটি ওয়ানডে সিরিজের মধ্যে কেবল একটি জিততে পেরেছেন। ব্যর্থতার মাঝেও উজ্জ্বল ছিলেন ডি কক। টি২০-তে দলের সর্বোচ্চ ও ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। এ ধারাবাহিকতার কারণেই সীমিত ওভারের নেতৃত্ব পেয়েছেন তিনি।

আরও পড়ুন

×