ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

আগেভাগে জেতার চেয়ে জয়টাই বেশি গুরুত্বপূর্ণ: হৃদয়

আগেভাগে জেতার চেয়ে জয়টাই বেশি গুরুত্বপূর্ণ: হৃদয়
×

ম্যাচ জয়ী জুটি গড়ার পথে লিটন ও হৃদয়। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫ | ১৫:১৮

হংকং-এর বিপক্ষে ৭ উইকেটের জয়ে এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ। ১৪৪ রানের লক্ষ্যে পৌঁছাতে লিটন দাস-তাওহীদ হৃদয়দের ১৭.৪ ওভার লেগেছে। সেটাও শেষ দিকে লিটন দাস হাত খুলে শট খেলার কারণে। নয়তো জিততে শেষ ওভার পর্যন্ত লেগে যেতো। 

জয় পাওয়া ম্যাচে লিটন ৩৯ বলে ৫৯ রানের ইনিংস খেলেন। অপরাজিত থাকা হৃদয় ৩৬ বলে ৩৫ রান করতে পারেন। মাত্র একটি চারে সাজান ইনিংস। 

আবু ধাবির ব্যাটিং বান্ধব উইকেটে আরেকটু আগে জেতা যেতো কিনা এমন প্রশ্নে ডানহাতি মিডল অর্ডার ব্যাটার তাওহীদ হৃদয় জানিয়েছেন, এক-দুই ওভার আগে জেতার চেয়ে দলের জয় নিশ্চিত করা বেশি গুরুত্বপূর্ণ।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে হৃদয় বলেন, ‘আমরা ম্যাচটা আরেকটু আগে শেষ করতে চেয়েছিলাম। তবে এক-দুই ওভার আগে জয় পাওয়ার বেশি জরুরি দলের জয়টা আগে নিশ্চিত করা।’ সংবাদ মাধ্যমের উদ্দেশ্য করে তিনি বলেন, তারা ম্যাচ হারলে না হয় এসব প্রশ্ন করা যেত। 

হৃদয় মনে করেন দল হিসেবে তারা স্মার্ট ক্রিকেট খেলেছেন। পরিস্থিতির চাহিদা মিটিয়ে খেলেছেন। তারা আরও এক-দুইটা উইকেট না হারিয়ে জুটি গড়ার দিকে মনোযোগ দিয়ে খেলেছেন, ‘আমরা হয়তো ম্যাচটা আরও আগে শেষ করতে পারতাম। আমাদের সবসময় আগে জয় পাওয়ার মানসিকতা নিয়ে খেলি। আমরা আরও কিছু বাউন্ডারি মারতে চেয়েছিলাম, কিন্তু সেটা হয়নি।’ 

বাংলাদেশ ওভার বাঁচিয়ে আগেভাগে জিততে পারলে নেট রাট রেটে এগিয়ে থাকতো। একই হংকং-এর বিপক্ষে বড় জয় পাওয়ায় বাংলাদেশের চেয়ে নেট রান রেটে তিনগুন এগিয়ে গেছে আফগানরা। হৃদয় জানান, তারা নেট রান রেট নয় জয় নিয়েই ভাবছেন। আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরে যেতে চান তারা। সেক্ষেত্রে নেট রান রেটের দরকার পড়বে না।  

আরও পড়ুন

×