ইউরোপিয়ান গোল্ডেন শু
মেসির দুর্গে হানা দিতে পারবেন রোনালদো?
ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২০ | ১২:০০ | আপডেট: ২৫ জুলাই ২০২০ | ০৬:৫৩
এক এক করে জেতা ছয়টি গোল্ডেন শু এখন লিওনেল মেসির শোকেসে। যার ধারেকাছেও কেউ নেই। এবার দারুণ সুযোগ মেসির দুর্গে হানা দেওয়ার, আর এই কাজটা করতে পারেন তারই চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো।
লিগ মৌসুমটা একেবারে বাজে কাটল বার্সেলোনার। আর তাদের দুঃসময় মানে মেসিরও। অনেকটা মেসিনির্ভর কাতালান ক্লাব যেমন হাতছাড়া করেছে স্প্যানিশ লিগের মুকুট। একই সঙ্গে রেকর্ড ছয়বার গোল্ডেন শু জেতা মেসিও এবার হারালেন এই খেতাবটা।
তার ছিটকে পড়ায় অন্যদের জেতার রাস্তাটা পরিস্কার। এ মুহূর্তে তালিকায় একে আছেন বায়ার্ন মিউনিখ তারকা রবার্ট লেভানডস্কি। বুন্দেসলিগায় তিনি করেছেন ৩৪ গোল। যার সুবাধে এখনও সর্বাধিক পয়েন্ট ৬৮ নিয়ে শীর্ষে এই পোলিশ স্টার। দুইয়ে আছেন ল্যাজিওর ইতালিয়ান স্ট্রাইকার সিরো। ৩১ গোল করা এই ফুটবলারের নামের পাশে ৬২ পয়েন্ট। তিন নম্বর নামটা রোনালদোর। জুভদের হয়ে এখন পর্যন্ত ৩০ গোল করেছেন সিআর সেভেন।
তার পয়েন্ট ৬০। মূলত আসল লড়াইটা হবে দুই আর তিনের মধ্যে। কেননা একে থাকা লেভানডস্কির আর গোল বাড়ানোর সুযোগ নেই। যেখানে দুই আর তিনে থাকা সিরো ও রোনালদোর হাতে তিনটি ম্যাচ বাকি। তাই এগিয়ে যাওয়ার পথটা তাদের জন্য পুরোপুরি খোলা।