ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ব্যালন ডি’অর

ইয়ামাল নাকি দেম্বেলে

ইয়ামাল নাকি দেম্বেলে
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫ | ১৪:০১

২০০৮ থেকে ২০২৩ পর্যন্ত লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদোর বাইরে অন্য কেউ ব্যালন ডি’অর জিততে পারেননি। গত বছর ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রির জয়ের মধ্য দিয়ে অবসান হয় মেসি-রোনালদো রাজত্বের। এক বছর পর নতুন কাউকে দেখা যাবে ব্যালন ডি’অর হাতে। 

প্যারিসের থিয়েটার দ্যু শাতলতে আজ রাতে ঘোষণা করা হবে বর্ষসেরা পুরুষ ও বর্ষসেরা নারী ফুটবলারের নাম। পুরুষ বিভাগে ব্যালন ডি’অরজয়ী হওয়ার দৌড়ে লড়াইটা হতে যাচ্ছে প্যারিস সেইন্ট জার্মইয়ের তারকা উসমান দেম্বেলে ও বার্সেলোনার লামিনে ইয়ামালের মধ্যে। এ দুজনের যে কোনো একজনের হাতে ব্যালন ডি’অরের ট্রফিটা উঠবে বলে ধারণা করছেন ফুটবলবোদ্ধারা। মেয়েদের বিভাগে টানা তৃতীয়বারের মতো ব্যালন ডি’অর জিততে পারেন আইতানা বোনমাত্তি।

স্পেনকে ইউরো জেতানো রদ্রি ২০২৪ সালে হয়েছিলেন বর্ষসেরা ফুটবলার। চোটের কারণে এবার ফুটবলের ব্যক্তিগত মর্যাদাকর এই অ্যাওয়ার্ড জয়ের লড়াইয়ে নেই রদ্রি। বোদ্ধাদের মতে, ব্যালন ডি’অর জয়ের সবচেয়ে বেশি সম্ভাবনা উসমান দেম্বেলের। গত মৌসুমে পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অন্যতম কারিগর দেম্বেলে। ক্লাবটির জার্সিতে ৫৬ ম্যাচ খেলে করেছেন ৩৫ গোল। শুধু তাই নয়, দলকে ঘরোয়া ট্রেবল জিততে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি। একই সঙ্গে পিএসজিকে ক্লাব বিশ্বকাপের ফাইনালে তুলতেও মাঠে দেম্বেলে ছিলেন অন্যদের চেয়ে আলাদা। ‘পিএসজির হয়ে দারুণ একটি মৌসুম কাটিয়েছি বলে ভালো লাগছে। এটা সত্যি যে, অ্যাওয়ার্ডের জন্য আমি অন্যতম ফেভারিট। দেখা যাক কী হয়’– লে মন্ডেতে আলাপকালে বলেন ২৮ বছর বয়সী এ উইঙ্গার।

অসাধারণ ড্রিবলিং এবং গোল করার ক্ষেত্রে নিখুঁত ইয়ামাল। ১৮ বছর বয়সী এ তারকা বার্সেলোনার হয়ে গত মৌসুমে করেছিলেন ২১ গোল। স্প্যানিশ ক্লাবটির হয়ে জিতেছেন লা লিগা ও স্প্যানিশ কোপা দেল রে। তবে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে হেরেছেন ইন্টার মিলানের কাছে। এই এক জায়গায় ইয়ামালের চেয়ে এগিয়ে দেম্বেলে। ‘শুধু একটি ব্যালন ডি’অর জয়ের স্বপ্ন আমি দেখি না, আমার স্বপ্ন অনেকগুলো জেতা’– সম্প্রতি স্পেনের সাংবাদিক হোসে রামোনের সঙ্গে আলোচনায় এমনটা জানান ইয়ামাল।

ব্যালন ডি’অরের ভোটিং প্রক্রিয়ার পুরোটা জুড়ে আছেন সাংবাদিকরা। ফ্রান্স ফুটবল ম্যাগাজিন ৩০ জনের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে। ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষ ১০০ দেশের সাংবাদিকরা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বর্ষসেরা ফুটবলার নির্বাচিত করে থাকেন।  

আরও পড়ুন

×