ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কেইনকে আটকাতে পারবে ডর্টমুন্ড?

কেইনকে আটকাতে পারবে ডর্টমুন্ড?
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫ | ১৪:৫৪

লা লিগায় যেমন ‘এল ক্ল্যাসিকো’, তেমনি বুন্দেসলিগায় সবচেয়ে আকর্ষণীয় লড়াইয়ের নাম ‘ডার ক্ল্যাসিকার’। জার্মান ফুটবলপ্রেমীদের প্রতীক্ষিত এ লড়াই আজ অ্যালিয়েঞ্জ অ্যারেনায়। চিরপ্রতিদ্বন্দ্বী বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে আজকের এ লড়াইয়ে স্বাগতিক বায়ার্ন মিউনিখের ভরসা ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। ফর্মের বিবেচনায় ক্যারিয়ারের সেরা ছন্দে আছেন কেইন। বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানির বিশ্বাস, অভিজ্ঞ এ স্ট্রাইকারই ‘ডার ক্ল্যাসিকার’ নিষ্পত্তিতে মূল ভূমিকা রাখবেন। তাঁর গোলক্ষুধা বাভারিয়ানদের মূল ভরসা। 

বুন্দেসলিগায় এ দুই দলই এখন পর্যন্ত অপরাজিত। এর মধ্যে আবার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বায়ার্ন উড়ন্ত ছন্দে আছে। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ ম্যাচের সবকটিতেই জিতেছে। এর মধ্যে গোল করেছে ৩৮টি, তাদের জালে গেছে মাত্র আটটি। বায়ার্নের এই দাপটের পেছনে মূল কারিগর কেইন। ৩২ বছর বয়সী এ স্ট্রাইকার অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন। বায়ার্নের এই ১০ ম্যাচে তিনি গোল করেছেন ১৮টি, সে সঙ্গে অ্যাসিস্ট করেছেন তিনটি। দেশের হয়েও দুর্দান্ত খেলছেন তিনি। গত মঙ্গলবার লাটভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে ইংল্যান্ডের ৫-০ গোলের জয়ে দুবার প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছেন। গত বছর বুন্দেসলিগা জিতে দীর্ঘ ক্যারিয়ারে প্রথম শিরোপার স্বাদ পান কেইন।

এবার তিনি আছেন আরও খুনে ছন্দে। কোচের ভরসাও তিনি, ‘সে যে দীর্ঘদিন ধরে ট্রফি জিততে পারেনি, এ বিষয়টি মনে হয় সহায়তা করেছে। সে তার গোলক্ষুধাটা ধরে রেখেছে।’ তিনি আরও যোগ করেন, ‘দলে তাঁর ভূমিকা কী, সেটা সে খুব ভালোভাবে জানে। আর সতীর্থদের সঙ্গে তাঁর বোঝাপড়াও চমৎকার।’

ডর্টমুন্ডও ফর্মে আছে। চলতি মৌসুমে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে অপরাজিত তারা। যদিও বুন্দেসলিগায় বায়ার্নের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে। বায়ার্নকে দুবার লিগ শিরোপা জিতানো নিকো কোভাক এখন ডর্টমুন্ডের কোচ। 

মিউনিখে আজ তাঁর দল সাহসী ফুটবল খেলবে বলে ঘোষণা দিয়েছেন এ কোচ, ‘আমরা যদি অতি সতর্কভাবে খেলি, তাহলে কাজটা কঠিন হয়ে যাবে। আমরা গত বছর মিউনিখে যেভাবে খেলেছিলাম, সেভাবে পারফর্ম যদি করতে পারি, তাহলে অবশ্যই ভালো সুযোগ রয়েছে।’ ইতিহাস অবশ্য খুব বেশি আশা দিচ্ছে না ডর্টমুন্ডকে। বায়ার্নের সঙ্গে সর্বশেষ ১০ মোকাবিলায় আটটিতেই হেরেছে তারা।

আরও পড়ুন

×