জাকির-জায়েদে সিলেটের জয়, রংপুরকে জেতালেন মুগ্ধ
রংপুর বিভাগের ম্যাচ সেরা ক্রিকেটার মুগ্ধ। ছবি: বিসিবি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫ | ১৮:৫০
জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের ম্যাচে চট্টগ্রাম বিভাগকে হারিয়েছে সিলেট বিভাগ। দুই ইনিংসে সিলেটের অধিনায়ক জাকির হাসান ফিফটি করেছেন। দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন পেসার আবু জায়েদ।
রাজশাহীতে স্বাগতিক রাজশাহী বিভাগকে ৫ উইকেটে হারিয়েছে রংপুর বিভাগ। পাঁচ রাউন্ড শেষে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে তারা। রংপুরের জার্সিতে পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ দুই ইনিংসে ৮ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন। অল্প রানের ম্যাচে রংপুরের নাসির হোসেন ব্যাট হাতে রান করেছেন।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে সিলেট প্রথম ইনিংসে ২৫৫ রান তোলে। অধিনায়ক জাকির ৭৩ রান করেন। আশরাফুল রিহাদ ৪৬ ও রেজাউর রহমান রাজা ৫৭ রান যোগ করেন। জবাবে জায়েদের ফাইফারে চট্টগ্রাম ১১০ রানে ধসে যায়।
সিলেট ১৪৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ২০৭ রান তুলতে পারে। জাকির ৬১ ও অমিত হাসান ৫৮ রানের ইনিংস খেলেন। চট্টগ্রামের নাঈম হাসান ও ইরফান হোসাইন পাঁচটি করে উইকেট নেন। চট্টগ্রাম ২০৫ রানে অলআউট হয়ে ১৪৭ রানের বড় ব্যবধানে হারে। জায়েদ ৩ উইকেট তুলে নেন।
শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে রাজশাহী শুরুতে ব্যাট করে ২৬৮ রান তোলে। অধিনায়ক ও ওপেনার সাব্বির হোসাইন ৭২ বলে ৮৪ রানের ইনিংস খেলেন। রহিম আহমেদ ৭৭ রান করেন। মুগ্ধ ৫ উইকেট তুলে নেন। রংপুর প্রথম ইনিংসে ২৫৮ রান করে ১০ রানে পিছিয়ে শেষ করে। রংপুরের হয়ে ওপেনার জাহিদ জাভেদ ৩১ ও আব্দুল্লাহ আল মামুন ৬৪ রান করেন। নাসির হোসেন ৩০ রানের ইনিংস খেলেন।
দ্বিতীয় ইনিংসে রাজশাহী ১১৯ রানে অলআউট হয়ে যায়। মুগ্ধ ও রবিউল হক ৩টি করে উইকেট নেন। ২৪ বছর বয়সী পেসার মেহেদী হাসান নেন ৪ উইকেট। রংপুর নাসির হোসেনের ৫২ ও অধিনায়ক তানভীর হায়দারের ২৮ রানে ভর করে জয় তুলে নেয়।
- বিষয় :
- জাতীয় ক্রিকেট লিগ
