রোনালদোর নিষেধাজ্ঞা কমিয়ে আইনি ঝামেলার শঙ্কায় ফিফা!
ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫ | ২০:০৮ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৫ | ২০:৩০
আর্মেনিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে লাল কার্ড দেখেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রতিপক্ষের ফুটবলারকে কনুই দিয়ে আঘাত করেন সিআরসেভেন। নিয়ম অনুযায়ী, তার তিন ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার কথা। কিন্তু ফিফা তাকে এক ম্যাচ নিষিদ্ধ করেছে।
এতে করে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করা পর্তুগালের হয়ে বিশ্বকাপের শুরু থেকে খেলতে বাধা নেই রোনালদোর। তিন ম্যাচের নিষেধাজ্ঞা বহাল থাকলে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ মিস করতেন তিনি।
রোনালদোর নিষেধাজ্ঞা কমানোয় আইনি ঝামেলায় পড়তে পারে ফিফা। সংবাদ মাধ্যম ডেইলি মেইল দাবি করেছে, বিশ্বকাপে যেসব দল পর্তুগালের গ্রুপে পড়বে, তারা রোনালদোর শাস্তি কমানোর প্রতিবাদ করে ফিফার বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামবে।
ডেইলি মেইলের মতে, কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্টসের (সিএএস) দ্বারস্থ হবে পর্তুগালের গ্রুপে পড়া দলগুলো। রোনালদোর নিষেধাজ্ঞা বহালের দাবি তুলবে তারা এবং ফিফা কেন নিষেধাজ্ঞা কমালো তার ব্যাখ্যা চাইবে।
ফিফা অবশ্য এরই মধ্যে রোনালদোর নিষেধাজ্ঞা কমানোর একটি ব্যাখ্যা দিয়েছে। রোনালদোর নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত করা হয়েছে। পর্তুগিজ তারকা তার ২২৫ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারে কখনো লাল কার্ড দেখেননি। পরিচ্ছন্ন খেলার জন্য তার নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে। রোনালদো যদি এক বছরের মধ্যে আচরণবিধি ভাঙেন সেক্ষেত্রে তার দুই ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর করতে পারবে ফিফা।
ফিফা অবশ্য কোন খেলোয়াড়ের সাজা কমানোর বা স্থগিত করার আইনি অধিকার রাখে। ফিফার আচরণবিধির ২৭ ধারায় বলা আছে, ফিফা পুরোপুরি বা আংশিক সাজা কমানোর ক্ষমতা রাখে। এর আগেও অনেক খেলোয়াড়ের সাজা কমিয়েছে ফিফা।
- বিষয় :
- ক্রিস্টিয়ানো রোনালদো
- ফিফা
- বিশ্বকাপ ফুটবল
