বিপিএল
‘অসৎ মালিকরা দুর্নীতির সুযোগ দেন’
বিপিএল নিয়ে কড়া বার্তা অ্যালেক্স মার্শালের। ছবি: ফাইল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫ | ১২:৫৮
সাবেক ব্রিটিশ পুলিশ কর্মকর্তা। চাকরি জীবনে কাজ করেছেন যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি ও পুলিশ চিফ কনস্টেবল হিসেবে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আইসিসির দুর্নীতি দমন ইউনিটেও পরামর্শক হিসেবে কাজ করেছেন। সেই অ্যালেক্স মার্শাল এখন বিসিবির দুর্নীতি দমন ইউনিটের প্রধান। বিপিএল নিয়ে ভীষণ রকম সিরিয়াস। প্রতিটি দলের সঙ্গে গোয়েন্দা থাকার ব্যাপারটি তাঁর মাথা থেকেই এসেছে।
সেই তিনি বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন। যেখানে পরিষ্কারভাবে জানিয়ে দেন বিশ্বের বিভিন্ন লিগে ম্যাচে বা স্পট ফিক্সিংয়ে সেসব সংকেত ও কৌশল ব্যবহার করা হয়, সেগুলোর সঙ্গে তিনি পরিচিত। তাই সন্দেহভাজন আচরণ বা অস্বাভাবিক কোনো সংকেত অন্তত তাঁর চোখ এড়াবে না।
সেই সঙ্গে অ্যালেক্স মার্শাল জানান, বিপিএলের সঙ্গে যুক্ত ফ্রাঞ্চাইজি মালিক অসৎ হলে দুর্নীতির ডালপালা বাড়ে, ‘বিপিএলে দুর্নীতির সবচেয়ে বড় ঝুঁকি আসে দলের বাইরের লোকজন থেকে। তবে অনেক সময় দলের মালিক বা ব্যবস্থাপনার ভেতর থেকেই অসাধু সংযোগ তৈরি হয়ে দুর্নীতির পথ তৈরি করে দেয়।’
২৬ ডিসেম্বর সিলেটে শুরু হবে বিপিএল। বিপিএলের সঙ্গে যুক্ত মালিক, ম্যানেজার, কোচ, খেলোয়াড়, দলের কর্মকতাদের পেছনের আর্থিক উৎস, সম্পর্ক ও অতীত কর্মকাণ্ড খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। সেই সঙ্গে ঘোষণা দিয়ে দেন অতীতের অনেক ঘটনায় তিনি জেনেছেন ক্রিকেটাররা ম্যাচের সময়ও ড্রেসিংরুমে ফোন ব্যবহার করেছিলেন। এবার সেই সুযোগ আর নেই। মাঠের ভেতরের পিএমও (প্লেয়ার্স ম্যাচ অফিসিয়ালস) জোনে মোবাইল ফোন, স্মার্টওয়াচসহ কোনো ধরনের যোগাযোগ ডিভাইস ব্যবহার করা যাবে না।
ম্যাচ চলাকালীন এসব ডিভাইস ব্যবহার করলে, সেটি সরাসরি নিয়ম ভঙ্গের আওতায় আসবে। এদিনের সংবাদ সম্মেলন থেকেই জানিয়ে দেওয়া হয় এনামুল হক বিজয়সহ যারা বিপিএলের নিলামে অংশ নিতে পারেননি, তারা অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত অন্যান্য ঘরোয়া লিগ খেলতে পারবেন। সাবেক এই পুলিশ কর্মকর্তা মনে করেন, ‘দুর্নীতি ঘটার আগেই সব সম্ভাব্য ফাঁকফোকর বন্ধ করা হবে।’
বাংলাদেশ ক্রিকেটের সমর্থকদের জন্য কাজ করতে এসেছেন জানিয়ে অ্যালেক্স মার্শাল বলেন, ‘বিপিএল বিশ্বের অন্যতম শীর্ষ ফ্রাঞ্চাইজি লিগ হওয়া উচিত। সেরা ক্রিকেটারদের বিপিএলে আকৃষ্ট করা উচিত। আমার ভাবনা এমনটাই। আমি যখন কাজ করি, অনুভব করি বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের জন্য কাজ করছি। তারাই আমার কাস্টমার, যারা উঁচু মানের স্বচ্ছ একটি টুর্নামেন্ট দেখতে চান।’
- বিষয় :
- বিপিএল
- বিসিবি
- ম্যাচ পাতানো
