ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

যুবাদের নিয়ে আশাবাদী বাশার

যুবাদের নিয়ে আশাবাদী বাশার
×

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫ | ১৫:৪৩

ছয় বছর আগে দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ। মাঝে আরও দুটি বিশ্বকাপ খেলে তেমন ভালো করতে পারেনি। ট্রফি জয়ের স্বপ্ন দেখলেও সেমিফাইনাল খেলা হয়নি। এবারও শিরোপা জয়ের আকাঙ্ক্ষা ক্রিকেটারদের। এই বিশ্বকাপ জয়ের স্বপ্নই লেখাপড়া থেকে ছিটকে দিয়েছে অধিনায়ক আজিজুল হাকিমকে। যে দলের জন্য পরীক্ষায় ছাড় দেওয়া, সেই দল এখনও সেভাবে নিজেদের প্রমাণ করতে পারেনি। অনূর্ধ্ব-১৯ ওয়ানডে এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে দেশে ফিরছে। বিশ্বকাপের ঠিক ২৫ দিন আগে এশিয়া কাপের সেমিফাইনালে হার দলের ভেতরে নেতিবাচক কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন গেম ডেভেলপমেন্ট বিভাগের হেড অব অপারেশন্স হাবিবুল বাশার।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের বিগত দুই আসরের চ্যাম্পিয়ন ছিল এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের কাছে হারকে দুর্ভাগ্য মনে করেন বাশার। জাতীয় দলের সাবেক এ অধিনায়ক এশিয়া কাপের পারফরম্যান্স নিয়ে বলেন, ‘আমার মনে হয়, দুর্ভাগ্যবশত হেরে গেছে। গ্রুপ পর্বে খুব ভালো ক্রিকেট খেলার পরও ফাইনালে উন্নীত হতে পারেনি। কারণ, সেমিফাইনালে সকাল থেকে বৃষ্টি হওয়ায় উইকেট কিছুটা ভেজা ছিল। কন্ডিশনের সুবিধা নিয়ে ওদের (পাকিস্তান) ফাস্ট বোলাররা বেশ ভালো বোলিং করেছে। আমরা তাদের সঙ্গে পেরে উঠিনি। পুরো ৫০ ওভারের খেলা হলে ভিন্ন কিছু হতে পারত।’ 

২০২০ সালের বিশ্বকাপের প্রস্তুতির জন্য প্রচুর ম্যাচ খেলেছিলেন আকবর আলীরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গেম ডেভেলপমেন্ট বিভাগ থেকে জানা গেছে, বর্তমান দলটিও রেকর্ড সংখ্যক ম্যাচ খেলেছে। দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে তাদের মাটিতে হারিয়েছে। জিম্বাবুয়েতে জিতেছে ত্রিদেশীয় সিরিজ। ইংল্যান্ড সফরেও ভালো করেছে দল। আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে হোম সিরিজের পারফরম্যান্স ছিল রোমাঞ্চকর। 

এই বিবেচনায় দলের ওপর ভরসা রাখছেন বাশার, ‘অনেক দিন ধরেই প্রস্তুতি হচ্ছে। আশা করি, বিশ্বকাপে খারাপ হবে না। জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজ খেলে চ্যাম্পিয়ন হয়েছে। ওই কন্ডিশনটা মোটামুটি পরিচিত। ছেলেরা জানে কীভাবে খেলতে হবে। এশিয়া কাপের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া কোচিং স্টাফও নতুন করে চিন্তা করবেন। গেম প্ল্যান থেকে শুরু করে প্রস্তুতিতে মনোযোগ বেশি থাকবে আশা করি।’

এশিয়া কাপের পারফরম্যান্স ব্যবচ্ছেদ করা হলে দেখা যাবে, ব্যাটিং লাইনআপে মিডলঅর্ডার সেভাবে ক্লিক করেনি। সে ক্ষেত্রে টপঅর্ডারের ওপর বেশি নির্ভর করতে হবে টিম ম্যানেজমেন্টকে। ওপেনার জাওয়াদ আবরার এশিয়া কাপে দারুণ খেলেছেন। গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে ৯৬, নেপালের সঙ্গে হার না মানা ৭০ ও শ্রীলঙ্কার বিপক্ষে ৪৯ রান করেছেন তিনি। ৩ নম্বরে ব্যাট করা অধিনায়ক আজিজুল হাকিমও ভালো ব্যাটিং করেন। 

ব্যাটিং লাইনআপ ধারাবাহিক ক্লিক না করলেও বিশ্বকাপের ঠিক আগে স্কোয়াডে পরিবর্তন করা উচিত হবে না বলে মনে করেন বাশার, ‘দুর্বলতা তো থাকেই। অনূর্ধ্ব-১৯ হলো ডেভেলপমেন্ট দল। প্রতিনিয়ত উন্নতি করার জায়গা থাকে। ছেলেগুলো এখনও অতটা অভিজ্ঞ হয়ে ওঠেনি। তাই খেলা নিয়ে বেশি কাটাছেঁড়া করা ঠিক হবে না। আর বিশ্বকাপ দলে পরিবর্তন আনার সময়ও নেই। এই দলটি অনেক দিন ধরে একসঙ্গে খেলছে। আশা করি, বিশ্বকাপে ভালো করবে তারা।’ এই ভালো করার অর্থ হলো, শিরোপা জয়ের স্বপ্ন।

আরও পড়ুন

×