ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

খেলার আনন্দে নটর ডেমিয়ানদের একদিন

খেলার আনন্দে নটর ডেমিয়ানদের একদিন
×

ছবি- সমকাল

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | ১৭:২৯ | আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | ২০:২২

শীতের সকালে মিষ্টি রোদ। মাঠে চুন দিয়ে ট্র্যাক বানাচ্ছেন শিক্ষার্থীরা। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা সবাই ব্যস্ত নিজ হাতে আয়োজন সাজাতে। মাঠের দক্ষিণ পাশে বাঁশ দিয়ে তৈরি করা প্যান্ডেল। একটু সামনে সাজানো বক্তৃতা মঞ্চ। নটর ডেম বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া দিবস, যেখানে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে জাতীয় সংগীতের সুরের মূর্ছনায় শুরু হয় আনুষ্ঠানিকতা। অতিথিরা বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন উৎসবমুখর এই আয়োজনের। ১০০ মিটার, ২০০ মিটার স্প্রিন্টের সঙ্গে ৪০০ মিটার, দলগত রিলে, মার্বেল ও চামচ দৌড়, হাই জাম্প, লং জাম্প, শট পুট, জ্যাভেলিন ও ডিসকাস থ্রো– শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত খেলার আনন্দে মেতে ওঠেন সবাই। দিনটাকে স্মরণীয় করে রাখেন নটর ডেমিয়ানরা।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক সমকালের সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী। ছবি-সমকাল

স্বাগত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ফাদার প্যাট্রিক ড্যানিয়েল গ্যাফনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান মানে শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি এমন একটি স্থান, যেখানে খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমসহ সবকিছু মিলেই একজন পূর্ণাঙ্গ মানুষ গড়ে ওঠে। খেলাধুলা একটি সামাজিক অনুশীলন। আর এটি শৃঙ্খলা, দলগত কাজ এবং বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতার শিক্ষা দেয়।’ 

এ সময় তিনি শিক্ষার্থীদের খেলাধুলার মাধ্যমে আনন্দ খুঁজে নেওয়া এবং একসঙ্গে কাজ করার মাধ্যমে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন নটর ডেম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ব্রো. সুবাল লরেন্স রোজারিও, ডিন প্রফেসর ড. অলোক কুমার চক্রবর্তী, ডেপুটি রেজিস্ট্রার ফাদার অসীম থিওটোনিয়াস গনসালভেস, স্পোর্টস কোঅর্ডিনেটর ড. মো. মুস্তাকিমুর রহমান, ক্রিকেট কোঅর্ডিনেটর ফাদার বাবু প্যাসকাল সরকারসহ আরও অনেকে।

শিক্ষা ব্যবস্থায় নটর ডেম কলেজের সুনাম দেশব্যাপী। শিক্ষার প্রসারের জন্য তারা চালু করে বিশ্ববিদ্যালয়। যেখানে প্রায় ১ হাজার ৮০০-এর মতো শিক্ষার্থী আছেন। তাদের মধ্য থেকে যারা ক্রীড়ানুরাগী, এদিন নিজেদের ক্রীড়াশৈলী দেখিয়েছেন তারা। ছেলেমেয়েদের মিলিয়ে বেশ কয়েকটি ইভেন্টে অংশ নেন শিক্ষার্থীরা। একই সঙ্গে ছেলেমেয়েদের জন্য উন্মুক্ত ছিল ‘যেমন খুশি তেমন সাজো’। সুশৃঙ্খল ও নিয়মের মধ্য দিয়ে শিক্ষার্থীরা ক্রীড়াতেও নিজেদের মেধার ছাপ রেখেছেন। অসাধারণ নৈপুণ্য দেখিয়ে যথাক্রমে ১১ ও ১০ পয়েন্ট অর্জন করে ২০২৬ সালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন প্রেমিক ত্রিপুরা ও আনা মারিয়া।জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে জাতীয় সঙ্গীতের সুরের মূর্ছনায় শুরু হয় আনুষ্ঠানিকতা। ছবি-সমকাল

দেশের অন্যতম সেরা এই শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক সমকালের সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী। আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন তিনি। ১৯৫৪ সালে রজার ব্যানিস্টারের চার মিনিটের কম সময়ে এক মাইল দৌড়ের ঐতিহাসিক সাফল্যের গল্প তুলে ধরে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন তিনি। ‘খেলাধুলা মানসিক বাধা দূর করার অন্যতম শক্তিশালী হাতিয়ার। খেলাধুলার মাধ্যমে আত্মবিশ্বাস গড়ে ওঠে। আর আত্মবিশ্বাস বাড়লেই মানুষ নতুন নতুন সীমা অতিক্রম করতে পারে। কেননা, আমাদের সীমা স্থির নয়।’ শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখতে এবং ছোট ছোট পরিবর্তনকে গুরুত্ব দিয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি, ‘আমরা এগিয়ে গেলে সমাজ এগোবে, দেশ এগোবে।’

১০০ মিটার , ২০০ মিটার স্প্রিন্ট থেকে শুরু করে হাইজ্যাম্প ছিল আজ।  ছবি- সমকাল

বক্তব্যের আনুষ্ঠানিকতা শেষে পর্যায়ক্রমে গত বছরের সেরা খেলোয়াড় অর্ণিকা পিউরিফিকেশনের মশাল প্রজ্বালন এবং আইন বিভাগের চেয়ারম্যান ড. মো. মুস্তাকিমুর রহমানের নেতৃত্বে শপথ গ্রহণের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার মূল পর্ব শুরু হয়। পুরস্কার বিতরণী পর্বে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ডেপুটি রেজিস্ট্রার ফাদার অসীম থিওটোনিয়াস গনসালভেসের ধন্যবাদ জ্ঞাপন ও র‌্যাফেল ড্র-এর পর বিকেলে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে সমাপ্তি হয় নটর ডেম বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া দিবস।

আরও পড়ুন

×