ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পেরে উঠল না আইরিশরা

পেরে উঠল না আইরিশরা
×

ছবি- ক্রিকইনফো

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:৪৮

মুম্বাইয়ে ইংল্যান্ডকে বাগে পেয়েও হারাতে পারেনি নেপাল। কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে তেমন সুযোগ পেয়েছিল আয়ারল্যান্ড। একসময় ৩০ বলে জয়ের জন্য ৫১ রানের দরকার ছিল আইরিশদের, হাতে ছিল সাতটি উইকেট। কিন্তু সেখান থেকেই লঙ্কান স্পিনে ঘায়েল হয়ে যায় আইরিশরা। হাসারাঙ্গা আর থিকসেনার দুই ওভারে তিন উইকেট হারিয়ে এলোমেলো হয়ে যায় তাদের স্বপ্ন। অবশেষে স্বাগতিকদের কাছে ২০ রানে হারতে হয় আইরিশদের।

অথচ এদিন শুরুটা তাদের দারুণ হয়েছিল। টস জিতে বোলিং নিয়ে লঙ্কান ব্যাটারদের ঝড় আটকাতে পেরেছিল ডকরেল ম্যাকার্থিরা। পাওয়ার প্লেতে ১ উইকেট হারানো শ্রীলঙ্কা পরের ৫০ রান নিতে প্রায় ১০টি ওভার নিয়েছিল। আইরিশদের আঁটোসাঁটো বোলিংয়ের সামনে যেন বাউন্ডারি মারাই ভুলে গিয়েছিলেন নিশাঙ্কা আর কুশল মেন্ডিস। শ্লথ ব্যাটিংয়ে ৪৩ বলে ৫৬ রানে অপরাজিত থাকেন কুশল। তবে শেষ চার ওভারে ৫৯ রান আসে লঙ্কানদের। ১৯ বলে ৪৪ করেন কামিন্দু মেন্ডিস। 

শেষ পর্যন্ত শ্রীলঙ্কার স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১৬৩। যে রান তাড়া করতে নেমে সম্ভাবনা তৈরি করেছিলেন আইরিশ ওপেনার অ্যাডায়ার। ২৩ বলে ৩৪ রান করেন তিনি। হ্যারি টেক্টর আর লরকান টাকার মিলে ইনিংস এগিয়ে নিয়ে যান ১৫তম ওভার পর্যন্ত। টাকার ২১ আর টেক্টর ৪০ রান করে ফিরে যেতেই ম্যাচ চলে যায় লঙ্কানদের হাতে। 

মহেশ থাকসেনা, হাসারাঙ্গা আর পাথিরানা তিনটি করে উইকেট নেন। এতে ১৪৩ রানে শেষ হয়ে যায় আইরিশদের দৌড়ঝাঁপ। ৩৮ রানের মধ্যে আয়ারল্যান্ডের শেষ আটটি উইকেট পড়ে। 

আরও পড়ুন

×