ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

প্রোটিয়াদের কাছে হারের পর ‘কাপকেক’ বিজ্ঞাপন সরাল স্টার স্পোর্টস

প্রোটিয়াদের কাছে হারের পর ‘কাপকেক’ বিজ্ঞাপন সরাল স্টার স্পোর্টস
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১৭:১১

খেলার মাঠের লড়াইয়ের আগেই শুরু হয়েছিল কথার লড়াই। কিন্তু সেই লড়াইয়ে প্রতিপক্ষকে ‘কাপকেক’ দিয়ে বিদ্রুপ করতে গিয়ে শেষ পর্যন্ত নিজেরাই হাসির পাত্র হলো সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টস। আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার কাছে ভারতের শোচনীয় হারের পর তড়িঘড়ি করে সেই বিতর্কিত বিজ্ঞাপনটি সরিয়ে নিতে বাধ্য হয়েছে তারা।

ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার হাই-ভোল্টেজ ম্যাচকে কেন্দ্র করে একটি প্রোমো প্রকাশ করেছিল স্টার স্পোর্টস। সেখানে ২০২৪ বিশ্বকাপের ফাইনালে প্রোটিয়াদের হারের ক্ষত মনে করিয়ে দিয়ে এক সমর্থককে ‘কাপকেক’ খেতে দেওয়া হয়। স্পোর্টসম্যানশিপ পরিপন্থী এই বিজ্ঞাপনটি নিয়ে শুরু থেকেই নেটিজেনদের মাঝে সমালোচনা ছিল। কিন্তু রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পাশার দান উল্টে যায়। ডেভিড মিলারের ঝোড়ো ব্যাটিংয়ে ১৮৭ রানের পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকা। জবাবে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইনআপ। মাত্র ১১১ রানে অলআউট হয়ে ৭৬ রানের বিশাল ব্যবধানে হারে স্বাগতিকরা। এই ফলেই মূলত বুমেরাং হয়ে ফিরে আসে সেই বিজ্ঞাপন।

ভারতের হারের পর দক্ষিণ আফ্রিকান অভিনেতা ও ইনফ্লুয়েন্সার থাঞ্জা ভুর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যেখানে তাকে ‘কাপকেক’ খেতে খেতে ভারতের হারের স্কোরকার্ড দেখিয়ে ‘সো সুইট’ বলে পাল্টা খোঁচা দিতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় তোপের মুখে এবং পরিস্থিতির চাপে শেষ পর্যন্ত নিজেদের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে সেই বিতর্কিত ভিডিওটি মুছে ফেলে স্টার স্পোর্টস।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের পর এই একই ভেন্যুতে এটি ভারতের প্রথম হার। বিশাল ব্যবধানে হেরে যাওয়ায় ভারতের নেট রান রেট (-৩.৮০০) এখন তলানিতে। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে রোহিত শর্মার উত্তরসূরিদের সামনে এখন কঠিন সমীকরণ। আগামী ২৬ ফেব্রুয়ারি চেন্নাইয়ে জিম্বাবুয়ে এবং ১ মার্চ কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দুটিতে ভারতকে কেবল জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে রান রেটের দিকেও।

আরও পড়ুন

×