ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রাতেই দেশে ফিরছেন জেদ্দায় আটকে পড়া মুশফিক, জানালেন ক্রীড়ামন্ত্রী

রাতেই দেশে ফিরছেন জেদ্দায় আটকে পড়া মুশফিক, জানালেন ক্রীড়ামন্ত্রী
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৬ | ১৯:০৪

মধ্যপ্রাচ্যে আকস্মিক যুদ্ধাবস্থার কারণে সৌদি আরবের জেদ্দায় আটকে পড়া বাংলাদেশ জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম রাতেই দেশের উদ্দেশে রওনা হচ্ছেন। যুব ও ক্রীড়ামন্ত্রী আমিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। মুশফিক বর্তমানে সুস্থ ও নিরাপদে আছেন বলেও আশ্বস্ত করেছেন তিনি।

রোববার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ক্রীড়ামন্ত্রী জানান, মুশফিকের দেশে ফেরার বিষয়টি তিনি নিজেই তদারকি করছেন। তিনি বলেন, ‘আমি বিষয়টি সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহাল এবং ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করছি। এরই মধ্যে মুশফিকুর রহিম ও ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আমার কথা হয়েছে। আশা করছি, আজকের রাতের একটি ফিরতি ফ্লাইটে রওনা হয়ে আগামীকাল সকালেই সে দেশে ফিরতে পারবে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া মুশফিকের স্ট্যাটাসের সূত্র ধরে ক্রীড়ামন্ত্রী জানান, এই মুহূর্তে জেদ্দায় অবস্থান করা মুশফিক সুস্থ আছেন। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বর্তমান বৈরী পরিস্থিতিতে আটকে পড়া প্রবাসী বাংলাদেশি ও অন্যান্য ক্রীড়াবিদদের দ্রুত ও সুস্থ শরীরে দেশে ফেরার বিষয়েও শুভকামনা জানান তিনি। মন্ত্রী বলেন, ‘জটিলতার কারণে আটকে থাকা সকলকেই আমরা আহ্বান করছি যেন তারা সুস্থ শরীরে দেশে ফিরে আসতে পারেন। সবার প্রতি আমাদের শুভকামনা।’

এর আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জেদ্দায় আটকে পড়ার খবর নিশ্চিত করেছিলেন মুশফিক নিজেই। ওমরাহ পালন শেষে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (ইকে ০৮০৬) দুবাই হয়ে তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু উড্ডয়নের পর যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান সংঘাত এবং আকাশপথের অস্থিতিশীল পরিস্থিতির কারণে ফ্লাইটটি মাঝপথ থেকে ফের জেদ্দায় ফিরে যেতে বাধ্য হয়।

আরও পড়ুন

×