অনাগত সন্তানকে হারিয়ে শোকে কাতর ইংলিশ তারকা কার্নস
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৬ | ১৮:২২
অনাগত সন্তানকে হারানোর দুঃসংবাদ জানিয়েছেন ইংল্যান্ড নারী ফুটবল দলের মিডফিল্ডার মিসি বো কার্নস। তিনি ও তার সঙ্গী লুটন টাউনের মিডফিল্ডার লিয়াম ওয়ালশ গর্ভাবস্থাতেই নিজেদের প্রথম সন্তানকে হারিয়েছেন। সম্প্রতি মা হতে যাওয়ার খবরটি প্রকাশ্যে এনেছিলেন অ্যাস্টন ভিলার এই তারকা ফুটবলার। তবে কয়েক সপ্তাহ পার হতে না হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই মর্মান্তিক ক্ষতির কথা জানালেন তিনি।
ইনস্টাগ্রামে নিজের অনুসারীদের সঙ্গে এই হৃদয়বিদারক খবরটি শেয়ার করেন ২৪ বছর বয়সী কার্নস। তিনি লিখেছেন, ‘খুবই ভারী হৃদয়ে আমরা জানাচ্ছি যে, গর্ভাবস্থাতেই আমরা আমাদের সন্তানকে হারিয়েছি। গত কয়েকটা সপ্তাহ এমন এক বিষাদে কেটেছে, যা ভাষায় প্রকাশ করা কঠিন। আমরা এখনও সবকিছু মেনে নেওয়ার চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা মানসিক আঘাত কাটিয়ে উঠতে একে অপরকে সমর্থন জোগানোর দিকে মনোযোগ দিচ্ছি। আমাদের চারপাশে থাকা মানুষের ভালোবাসা ও সমর্থনকে আমরা বেশি সম্মান জানাই।’

মাত্র কয়েক সপ্তাহ আগেই বাবা-মা হতে যাওয়ার আনন্দের খবরটি জানিয়েছিলেন তারা। গত ২ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন এই যুগল। সেখানে দেখা যায়, একটি দেওয়ালে তারা ‘মা + বাবা, ২৬ সেপ্টেম্বর’ কথাটি পেইন্ট করছেন এবং আল্ট্রাসাউন্ড স্ক্যানের ছবি দেখাচ্ছেন।
গর্ভাবস্থার কারণে সে সময় বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ঘোষিত ইংল্যান্ড স্কোয়াড থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন কার্নস। তাদের সেই ঘোষণায় ইংলিশ সতীর্থ লিয়া উইলিয়ামসন, আলেসিয়া রুসো ও বেথ মিডসহ পুরো ফুটবল অঙ্গন থেকে শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছিল।

গর্ভপাতের এই মর্মান্তিক খবরটি জানার পর কার্নস ও ওয়ালশের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন ক্লাব ও খেলোয়াড়রা। কার্নসের বর্তমান ক্লাব অ্যাস্টন ভিলা উইমেন এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই কঠিন সময়ে আমরা মিসি বো এবং লিয়ামের প্রতি আমাদের সবটুকু ভালোবাসা ও সমর্থন জানাচ্ছি।’
কার্নসের সাবেক ক্লাব লিভারপুলও পাশে দাঁড়িয়েছে। তারা বলেছে, ‘লিভারপুল ফুটবল ক্লাবের সবাই এই কঠিন সময়ে মিসি বো, লিয়াম এবং তাদের পরিবারের প্রতি ভালোবাসা ও সমর্থন জানাচ্ছে।’
লিয়াম ওয়ালশের ক্লাব লুটন টাউন শোক প্রকাশ করে লিখেছে, ‘এই গভীর শোকের মুহূর্তে আমরা লিয়াম, মিসি বো এবং তাদের পরিবারের প্রতি আমাদের সমস্ত ভালোবাসা ও সমর্থন পাঠাচ্ছি।’
