ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

‘সবসময়ই প্রতিপক্ষের কন্ডিশন কঠিন’

‘সবসময়ই প্রতিপক্ষের কন্ডিশন কঠিন’
×

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৭ মে ২০২৬ | ১২:২৭

পাকিস্তান ক্রিকেট দল চারজন পেসার ও দুজন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে এসেছে। বিকল্প স্পিনাররাও আছেন দলটিতে। শক্তিশালী একটি বোলিং লাইনআপ নিয়ে আসার কারণ হলো মিরপুরের কন্ডিশন জয় করে ভালো ক্রিকেট খেলা। গতকাল বুধবার সংবাদ সম্মেলনে পাকিস্তানের ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি জানান, সবুজ উইকেট কাজে লাগিয়ে ম্যাচ জিততে প্রস্তুত তারা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে এই সিরিজের পুরো পয়েন্ট অর্জন করতে চায় পাকিস্তান।

প্রথমত, আপনাদের শেষ টেস্ট সিরিজের পর অনেক দিন কেটে গেছে। বর্তমান চ্যালেঞ্জের জন্য দল কীভাবে প্রস্তুতি নিয়েছে?
শাহিন শাহ:
এটি সহজ নয়; পাকিস্তানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমাদের শেষ সিরিজটি বেশ কিছুদিন আগে হয়েছিল। তবে দল হিসেবে আমরা প্রস্তুতির জন্য সময় পেয়েছি এবং গত দুই-তিন দিন এখানেই আছি। আমরা এই চ্যালেঞ্জের জন্য উন্মুখ হয়ে আছি। কারণ, এটি আমাদের জন্য একটি দীর্ঘ টেস্ট মৌসুম– এখানে দুটি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে, এরপর আরও ম্যাচ রয়েছে। আমাদের মনোযোগ প্রথম টেস্টের প্রস্তুতির ওপর। আশা করছি, টস জিতে এই পরিস্থিতিতে আমাদের সেরা ক্রিকেট খেলতে পারব।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রেক্ষাপটে এই সিরিজ নিয়ে আপনাদের প্রত্যাশা কী?
শাহিন শাহ:
সফরকারীদের জন্য সব সময়ই প্রতিপক্ষের কন্ডিশন কঠিন। আমাদের লক্ষ্য হলো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করা। এটি অর্জন করতে হলে টেস্টে আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে।

বাংলাদেশে স্পিন পিচে খেলা হতো। এখন সেখানে সবুজ উইকেট দেখে কেমন লাগে?
শাহিন শাহ
: বাংলাদেশের মতো দলগুলো সব সময় ঘরের মাঠে স্পিন পিচ ব্যবহার করেছে। আমরাও পাকিস্তানে একই কাজ করেছি। কারণ, সফরকারী দলগুলো স্পিনের বিরুদ্ধে সমস্যায় পড়ে। তবে আমাদের বোলাররা সবুজ উইকেটের সুবিধা কাজে লাগাতে প্রস্তুত। 

বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের অতীতের পারফরম্যান্সের কথা মাথায় রেখে আপনি এই সিরিজকে কীভাবে দেখছেন?
শাহিন শাহ:
আমরা অতীত নিয়ে পড়ে থাকতে চাই না। আমাদের লক্ষ্য হলো বর্তমান ও ভবিষ্যতের ওপর মনোযোগ দেওয়া। আমরা শুধু একটি সিরিজ জেতার জন্য নয়; চ্যাম্পিয়নশিপ জেতার জন্য নিজেদের প্রস্তুত করছি।

টেস্ট ক্রিকেটে পাকিস্তানের বর্তমান র‍্যাঙ্কিং নিয়ে আপনি কি সন্তুষ্ট?
শাহিন শাহ:
পরিসংখ্যান দেখলে সন্তুষ্ট না। সাত বা আটে থাকা ভালো লক্ষণ নয়। যদিও আমরা শেষ সিরিজে ভালো খেলেছি। আমাদের প্রধান লক্ষ্য অবশ্যই শীর্ষে থাকা। আমরা বিশ্বাস করি, টেস্ট ক্রিকেটের উন্নতি হলে ওয়ানডে ও টি২০-তে স্বাভাবিকভাবে উন্নতি হবে।

এই টেস্টে আপনাদের কৌশল কী থাকবে?
শাহিন শাহ:
আমাদের কৌশল ভালো ক্রিকেট খেলা এবং পরিস্থিতিকে কার্যকরভাবে ব্যবহার করা। সবুজ উইকেটে আব্বাস ও খুররমের মতো সিম বোলাররা খুব কার্যকর। তাদের কাউন্টি ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে। সাজিদ ও নোমানের মতো স্পিনার আছে দলে। আশা করি, ২০ উইকেট শিকার করে ম্যাচ জিততে সিমাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

পিএসএল চলাকালে পাঁচ দিনের ক্রিকেটের জন্য আপনারা কীভাবে প্রস্তুত হয়েছেন?
শাহিন শাহ:
আমরা পিএসএল চলাকালীন প্রস্তুতি শুরু করেছিলাম; ম্যাচ শেষ হওয়ার পরও। আমরা সাইড উইকেটে অতিরিক্ত বোলিং করতাম। এখন যে পাঁচ-সাত দিন সময় পেয়েছি, চেষ্টা করেছি শরীরকে টেস্ট ম্যাচের প্রয়োজনীয়তার সঙ্গে অভ্যস্ত করার জন্য। প্রতিদিন ২০ থেকে ২৫ ওভার বল করেছি।

আরও পড়ুন

×