৪ উইকেট নিয়ে প্রথম সেশন বাংলাদেশের
ছবি- বিসিবি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ মে ২০২৬ | ১০:৫৪ | আপডেট: ১৭ মে ২০২৬ | ১৫:২০
সিলেট টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনটি নিজেদের করে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। প্রথম সেশনেই পাকিস্তানের ৪টি উইকেট তুলে সফরকারীদের অস্বস্তিতে ফেলে দিয়েছেন টাইগার বোলাররা। শেষ পর্যন্ত ৪ উইকেটে ৯৬ রান তুলে লাঞ্চ বিরতিতে গেছে পাকিস্তান।
দিনের শুরুতেই পাকিস্তানকে চেপে ধরেন পেসার তাসকিন আহমেদ। প্রথম সেশনের শুরুতেই পাকিস্তানের দুই ওপেনার আব্দুল্লাহ ফজল ও আজান আওয়াইসকে ফিরিয়ে ব্রেক-থ্রু এনে দেন তিনি। এরপর থিতু হওয়ার আগেই পাকিস্তান অধিনায়ক শান মাসুদ ও সৌদ শাকিলকে ফেরান মেহেদী হাসান মিরাজ। প্রথম সেশনের ২৪ ওভারে মাত্র ৭৫ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছে সফরকারীরা।
৭৯ রানে ৪ উইকেট হারানো পাকিস্তানের হাল ধরেছেন বাবর আজম। সালমান আলী আগাকে নিয়ে সেশনের বাকি সময়টা দেখেশুনে কাটিয়ে দেন তিনি। লাঞ্চে যাওয়ার আগে বাবর আজম ৫৮ বলে ৩৭ রানে এবং সালমান ১৫ বলে ৬ রানে অপরাজিত আছেন। পাকিস্তান এখনো ১৮২ রানে পিছিয়ে রয়েছে।
_1778998931.jpg)
মাসুদের পর শাকিলকেও ফেরালেন মিরাজ
ক্রিজে এসে বাবর আজমের সঙ্গে জুটি গড়ার চেষ্টা করছিলেন সৌদ শাকিল। তবে মিরাজের অফ-স্পিনের সামনে থিতু হতে পারেননি তিনি। মিরাজের ডেলিভারিতে কিছুটা এগিয়ে এসে জোরের ওপর সুইপ শট খেলতে চেয়েছিলেন শাকিল। কিন্তু বলের টার্ন ও বাউন্স পুরোপুরি বুঝতে না পারায় বল তার ব্যাটের কানায় লেগে উইকেটের পেছনে চলে যায়। সেখানে থাকা উইকেটরক্ষক লিটন দাস ঠাণ্ডা মাথায় সহজ ক্যাচটি লুফে নেন। এতে ২৮ বলে মাত্র ৮ রান করেন শাকিল। তার বিদায়ে পাকিস্তান চতুর্থ উইকেট হারায়। মিরাজ তুলে নেন ম্যাচে নিজের দ্বিতীয় উইকেট। ক্রিজে বাবর আজমের সঙ্গী হয়েছেন মোহাম্মদ রিজওয়ান। ২৭ ওভারে পাকিস্তানের রান ৪ উইকেটে ৮৫।
_1778998877.jpg)
শান মাসুদকে ফিরিয়ে জুটি ভাঙলেন মিরাজ
দ্রুত ২ উইকেট হারানোর পর অধিনায়ক শান মাসুদ ও বাবর আজমের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল পাকিস্তান। তবে সেই প্রতিরোধ বেশি দীর্ঘ হতে দেননি মেহেদী হাসান মিরাজ। তার ঘূর্ণিতে ভেঙেছে ৩৮ রানের এই বিপজ্জনক জুটি। মিরাজের বলে উড়িয়ে মারতে চেয়েছিলেন শান মাসুদ। তবে টাইমিং ঠিক না হওয়ায় বদলি ফিল্ডার নাঈম হাসান সেটি লুফে নেন। ২৬ বলে ২১ রান করে সাজঘরে ফেরেন পাকিস্তান অধিনায়ক। তার বিদায়ে ৬১ রানে ৩ উইকেট হারিয়ে আবারও চাপে পড়েছে সফরকারীরা। ক্রিজে বাবর আজমের সঙ্গী হয়েছেন সৌদ শাকিল।
_1778998737.jpg)
তাসকিনের জোড়া শিকার, ২৩ রানে ২ উইকেট নেই পাকিস্তানের
প্রথম দিন শেষে বিনা উইকেটে ২১ রান তুলে কিছুটা স্বস্তিতেই ছিল পাকিস্তান। তবে দ্বিতীয় দিনের সকালে সফরকারীদের সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হতে দেননি তাসকিন আহমেদ। নিজের টানা দুই ওভারে পাকিস্তানের দুই ওপেনারকে ফিরিয়ে ম্যাচ বাংলাদেশের নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন তাসকিন। ২৩ রানে ২ উইকেট হারিয়ে চাপে রয়েছে পাকিস্তান।
আজ দিনের দ্বিতীয় ওভারে বোলিংয়ে আসেন তাসকিন। তার ডেলিভারিতে আব্দুল্লাহ ফজলের ক্যাচ নেন লিটন। এতে ৮ রানেই থামে ফজলের ইনিংস। নিজের পরের ওভারেই আরেক ওপেনার আজান আওয়াইসকে ফাঁদে ফেলেন তাসকিন। মুমিনুল হকের ক্যাচ হয়ে বিদায়ের আগে ৩৪ বলে মাত্র ১৩ রান করেন আজান।
এর আগে টসে হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ প্রথম ইনিংসে ২৭৮ রান করে। লিটন দাস করেন সর্বোচ্চ ১২৬ রান।
- বিষয় :
- বাংলাদেশ-পাকিস্তান
- টেস্ট সিরিজ
