আনচেলত্তির চূড়ান্ত স্কোয়াডে কি টিকবেন নেইমার?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২৬ | ১৪:১০ | আপডেট: ১৮ মে ২০২৬ | ১৪:৩২
সোমবার দিবাগত রাত ২টায় ২০২৬ বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন কোচ কার্লো আনচেলত্তি। সেই দলে নেইমারের জায়গা হবে কি না, সেটার কৌতূহল এখন ফুটবল বিশ্বজুড়ে। গত বেশ কিছুদিন ধরেই বারবার ঘুরেফিরে উঠে এসেছে প্রসঙ্গটি। বলা যায়, আজ রাতেই নির্ধারণ হতে যাচ্ছে নেইমারের বিশ্বকাপ ভাগ্য।
ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি আগেই জানিয়েছিলেন, পুরোপুরি ফিট এবং ভালো পারফর্ম করতে পারলেই কেবল বিশ্বকাপ দলে বিবেচনায় আসবেন নেইমার। গতকাল সান্তোসের ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘আমি দলে থাকার যোগ্য কি না, সেই সিদ্ধান্ত আনচেলত্তিই নেবেন। আমি এটার (সুযোগ পাওয়ার) জন্যই কঠোর পরিশ্রম করেছি। তবে যদি আমি নির্বাচিত নাও হই, তাহলেও আমি একজন সাধারণ সমর্থক হিসেবে বিশ্বকাপে ব্রাজিলের জন্য গলা ফাটাব।
২০২৩ সালের অক্টোবরে গুরুতর এসিএল ইনজুরিতে পড়ার পর থেকে দীর্ঘ আড়াই বছর জাতীয় দলের বাইরে আছেন নেইমার। তবে সান্তোসে ফেরার পর সাম্প্রতিক সময়ে তার দারুণ ফর্ম চিত্রটা বদলে দিয়েছে। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ইউওএল’ সান্তোসের অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ‘সান্তোস ইতোমধ্যেই নিশ্চিত তথ্য পেয়েছে যে, সোমবার আনচেলত্তির ঘোষিত বিশ্বকাপ স্কোয়াডে থাকছে নেইমারের নাম।’
কোচ আনচেলত্তি অবশ্য স্পষ্ট করেছেন যে অতীত রেকর্ড বা আবেগ নয়, বর্তমান ফিটনেস দেখেই দল গড়া হবে। তবে নেইমারের জনপ্রিয়তার প্রশংসা করে তিনি বলেন, ‘নেইমার ড্রেসিংরুমে সবার খুব প্রিয়, সে থাকলে দল কোনোভাবে অশান্ত হবে না।’
তাছাড়া, তরুণ তারকা এস্তেভাও হ্যামস্ট্রিং চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় আক্রমণভাগে নতুন জায়গা তৈরি হয়েছে। গুঞ্জন রয়েছে, নেইমারকে স্কোয়াডে জায়গা দিতে গিয়ে বাদ পড়তে পারেন চেলসির ফরোয়ার্ড জোয়াও পেদ্রো। তবে দলে ফিরলেও নেইমারকে বদলি খেলোয়াড় হিসেবেই বেশি ব্যবহার করতে পারেন আনচেলত্তি।
৭৯ গোল করে ব্রাজিলের সর্বকালের সফলতম গোলস্কোরার নেইমার। তবে ২০২৩ সালের অক্টোবরে গুরুতর চোটের পর আর দেশের জার্সিতে দেখা যায়নি তাকে।
- বিষয় :
- নেইমার
- বিশ্বকাপ ফুটবল
