দিয়ালোর শেষ মিনিটের গোলে ইকুয়েডর বধ আইভরিকোস্টের
ছবি- এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ জুন ২০২৬ | ০৭:৩৩ | আপডেট: ১৫ জুন ২০২৬ | ০৮:০৭
শেষ পর্যন্ত নাটকীয়তার সবটুকুই জমা ছিল অন্তিম মুহূর্তের জন্য। দুই দলই একাধিক সুযোগ তৈরি করেছিল, বারবার কাঁপিয়েছিল প্রতিপক্ষের রক্ষণ, এমনকি ক্রসবারও বাধা হয়ে দাঁড়িয়েছিল কয়েকবার। তবে ম্যাচের ভাগ্য নির্ধারণ করেন ম্যানচেস্টার ইউনাইটেডের উইঙ্গার আমাদ দিয়ালো। নির্ধারিত সময়ের ৯০ মিনিটে তার করা একমাত্র গোলেই ইকুয়েডরকে ১-০ ব্যবধানে হারিয়েছে আফ্রিকার শক্তিশালী দল আইভরি কোস্ট। আর এতেই দীর্ঘ ১২ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফেরাটা স্মরণীয় করে রাখল আইভরিকোস্ট। পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে আফ্রিকার ‘হাতিরা’।
ম্যাচজুড়ে দুই দলের রক্ষণভাগের দারুণ দৃঢ়তায় ফরোয়ার্ডরা খুব একটা সুবিধা করতে পারছিলেন না। পুরো ৯০ মিনিটে দুই দল মিলিয়ে অন-টার্গেট শট নিতে পেরেছে মাত্র ৫টি, যার মধ্যে ইকুয়েডরের শট ছিল মাত্র ১টি। আক্রমণের ধার কম থাকলেও ম্যাচের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রেখেছে গোলপোস্ট।
ম্যাচের ৩০তম মিনিটে প্রথম গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিল লাতিন আমেরিকার দেশ ইকুয়েডর। তবে অ্যালান মিন্দার নেওয়া বুলেট গতির শটটি আইভরিকোস্টের গোলপোস্টের ওপরের বারে লেগে ফিরে আসলে হতাশ হতে হয় তাদের। ফলে গোলশূন্য সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।
বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় আইভরিকোস্ট। তবে এবারও বাধা হয়ে দাঁড়ায় সেই ভাগ্য। ৫২তম মিনিটে আইভরিকোস্টের এলি ওয়াহির নেওয়া দুর্দান্ত শটটি এবার ইকুয়েডরের গোলপোস্টে লেগে প্রতিহত হয়।
ম্যাচের ঘড়ির কাঁটা যখন ৯০ মিনিটে ছোঁয়, তখন স্কোরবোর্ডের চেহারা ০-০। সবাই যখন ধরে নিয়েছে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়বে দুই দল, ঠিক তখনই ইকুয়েডরের রক্ষণব্যুহ ভেদ করেন আমাদ দিয়ালো। তার নেওয়া শটটি জাল কাঁপাতেই উল্লাসে ফেটে পড়ে আইভরিকোস্টের সাইডবেঞ্চ। শেষ পর্যন্ত ওই একটি গোলই ম্যাচের ভাগ্য গড়ে দেয়।
এই জয়ের পর বিশ্বকাপের গ্রুপ ‘ই’-এর সমীকরণ বেশ জমে উঠেছে। নিজেদের প্রথম ম্যাচ শেষে বড় ব্যবধানে জিতে টেবিলের শীর্ষে অবস্থান করছে ইউরোপীয় পরাশক্তি জার্মানি। সমান ১ জয় নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে রয়েছে আইভরিকোস্ট। প্রথম ম্যাচে হেরে তিন নম্বরে ইকুয়েডর এবং টেবিলের তলানিতে রয়েছে বিশ্বমঞ্চের নবাগত দল কুরাসাও।
- বিষয় :
- ইকুয়েডর
- বিশ্বকাপ ফুটবল
