ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

ফিক্সিংয়ের অভিযোগ, কানাডায় খেলতে বাধা আইভরি কোস্ট তারকার

ফিক্সিংয়ের অভিযোগ, কানাডায় খেলতে বাধা আইভরি কোস্ট তারকার
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৬ | ১৯:৪৭

বিশ্বকাপের শুরুটা জয় দিয়েই করেছে আইভরি কোস্ট। যুক্তরাষ্ট্রের মাটিতে ইকুয়েডরকে ১-০ গোলে হারায় তারা। পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ শক্তিশালী জার্মানি। ম্যাচটি খেলতে এরই মধ্যে যুক্তরাষ্ট্র থেকে কানাডায় রওনা হওয়ার কথা দলটির। তার আগেই বেশ বড়সড় ধাক্কা খেল তারা। দলের গুরুত্বপূর্ণ ফরোয়ার্ড এলিয়ে ওয়াহিকে পরের ম্যাচে পাচ্ছে না তারা। ম্যাচ পাতানোর অভিযোগ তদন্তাধীন থাকায় কানাডায় প্রবেশের অনুমতি পাননি তিনি। এ কারণে জার্মানির বিপক্ষে গ্রুপ পর্বের পরের ম্যাচে খেলতে পারছেন না এই ফরোয়ার্ড।

প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন না পাওয়ায় তাকে ভ্রমণের অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছে আইভরি কোস্ট ফুটবল ফেডারেশন (এফআইএফ)।

শনিবার টরন্টোয় জার্মানির মুখোমুখি হবে আইভরি কোস্ট। তবে দলের সঙ্গে কানাডায় যেতে না পারায় ওয়াহিকে আপাতত যুক্তরাষ্ট্রে থাকতে হবে। দলের ফেরার আগ পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রেই থাকবেন বলে জানিয়েছে ফেডারেশন।

আইভরিকোস্ট ফুটবল ফেডারেশন জানিয়েছে, কানাডায় প্রবেশের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন না পাওয়ায় দলের সঙ্গে ভ্রমণ করতে পারবেন না ওয়াহি।

ফিলাডেলফিয়ায় গত সোমবার ইকুয়েডরের বিপক্ষে ১-০ গোলের জয়ে শুরুর একাদশে ছিলেন ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।

এদিকে মে মাসে নিসের হয়ে একটি লিগ ওয়ান ম্যাচে খেলার সময় ইচ্ছাকৃতভাবে হলুদ কার্ড পাওয়ার অভিযোগে ওয়াহির বিরুদ্ধে তদন্ত চলছে। এ ঘটনায় আন্তর্জাতিক পর্যায়ে অস্বাভাবিক পরিমাণ অর্থ বিনিয়োগের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে ফরাসি ফুটবল লিগ। বাজির বাজার পর্যবেক্ষণকারী অংশীদারদের কাছ থেকে সন্দেহজনক কার্যক্রমের তথ্য পাওয়ার পর বিষয়টি নিয়ে সতর্ক হয় ফরাসি লিগ কর্তৃপক্ষ।

এ ঘটনায় বিশ্বকাপ শুরুর মাত্র দুই সপ্তাহ আগে ওয়াহিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। পরে অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয় এবং তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি।

এক বিবৃতিতে আইভরি কোস্ট ফুটবল ফেডারেশন জানিয়েছে, ওয়াহিকে ঘিরে প্রকাশিত বিভিন্ন সংবাদ আমরা লক্ষ্য করেছি। এই মুহূর্তে তার বিরুদ্ধে কোনো বিচারিক বা প্রশাসনিক প্রক্রিয়া সম্পর্কে আমাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ফেডারেশন আরও জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে আমরা তার পাশে আছি এবং তার প্রতি আমাদের আস্থা অটুট। তবে প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন না পাওয়ায় তিনি দলের সঙ্গে কানাডা যেতে পারবেন না।

আরও পড়ুন

×