ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

এবার হাইতির জাল কাঁপাল ভিনি, ব্রাজিল ৩–০ হাইতি

এবার হাইতির জাল কাঁপাল ভিনি, ব্রাজিল ৩–০ হাইতি
×

ছবি- এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬ | ০৭:০৪ | আপডেট: ২০ জুন ২০২৬ | ০৭:৩০

হাইতিকে বড় ব্যবধানে হারিয়ে মরক্কোকে টপকে যাওয়ার লক্ষ্য ব্রাজিলের। ফিলাডেলফিয়ার মাঠে সেই লক্ষ্যেই যেন খেলছে সেলেসাওরা। প্রথম গোলের রেশ কাটতে না কাটতেই ৩৬ মিনিটে নিজের জোড়া গোল পূরণ করেছেন মাতেউস কুনহা। 

ম্যাচের শুরু থেকেই হাইতিকে চেপে ধরে ব্রাজিল। ১৩ মিনিটে দানিলোর পাস ধরে বক্সে ঢুকে বুলেট গতির শটে বল জালে পাঠিয়েছিলেন রাফিনহা। স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়লেও লাইন্সম্যান অফসাইডের পতাকা তোলায় রেফারি গোলটি বাতিল করেন। এর ঠিক ৯ মিনিট পর আবারও গোলকিপারকে একা পেয়েও লক্ষ্যে শট রাখতে পারেননি বার্সেলোনা তারকা। অবশ্য এবারও তিনি অফসাইড পজিশনেই ছিলেন।

তবে কাঙ্ক্ষিত গোলের জন্য ব্রাজিলকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ঠিক পরের মিনিটেই এলোমেলো হয়ে পড়ে হাইতির রক্ষণভাগ। ভিনিসিয়ুস জুনিয়রের থেকে বল পেয়ে হাইতির গোলমুখে ঠেলে দেন কুনহা। বলটি প্রথমে হাইতিয়ান ডিফেন্ডার ডেলক্রোয়ার গায়ে লেগে দিক পরিবর্তন করে এবং পরে কুনহার শরীরে লেগে জালে জড়ালে ১-০ তে এগিয়ে যায় ব্রাজিল।

প্রথম গোলের পর আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। যার ফলশ্রুতিতে ৩৬ মিনিটে আবারও হাইতির জাল কাঁপান কুনহা। ভিনিসিয়ুসের  পাস থেকে বল ধরে ডি-বক্সে ঢুকে পড়েন এই স্ট্রাইকার। এরপর কোনাকুনি শটে বল জালে জড়িয়ে নিজের জোড়া গোল পূরণ করেন তিনি। কুনহার এই জোড়া আঘাতে ম্যাচের সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখন ব্রাজিলের হাতে।

তিন মিনিট পর হালকা চোট নিয়ে মাঠ ছাড়েন রাফিনহা। তার বদলি নামেন রায়ান। প্রথমার্ধের ইনজুরি টাইমে ব্রাজিল তৃতীয় গোল করে। লুকাস পাকুয়েতা হাইতির ডিফেন্সের ওপর দিয়ে বলটি ভাসিয়ে দেন এবং ভিনিসিয়ুস সরাসরি গোলের সুযোগ পেয়ে যান। রিয়াল মাদ্রিদের এই তারকা গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়িয়ে দেন। চলতি বিশ্বকাপে এটি তার দ্বিতীয় গোল।

আরও পড়ুন

×