ইতিহাসকে সমৃদ্ধ করতে পারবেন সালাহ?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২৬ | ০৯:৩৮
ভ্যাঙ্কুভারে ২৩ জুনই ইতিহাস গড়ে ফেলেছে মিসর। মোহামেদ সালাহর নেতৃত্বে সেদিন নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে মিসরকে প্রথম জয় উপহার দিয়েছে তারা। আজ ইরানের বিপক্ষে জয় বা ড্র হলে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটের স্বাদ পাবে মিসর। সালাহ কি পারবেন পিরামিডের দেশের মানুষকে সেই স্বাদ দিতে? ইরান কোনো দিন বিশ্বকাপ নকআউটে খেলেনি। নকআউটে খেলতে হলে শনিবার সকালে জিততে হবে। আগের ছয়বার গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে তারা।
‘জি’ গ্রুপে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মিসর। ইরান ও বেলজিয়াম দুটি ম্যাচই ড্র করেছে। উভয় দল সমান ২ পয়েন্ট সংগ্রহ করলেও গোল পার্থক্যে দ্বিতীয় স্থানে ইরান। তবে ১ পয়েন্ট নিয়ে গ্রুপে সবার নিচে থাকা নিউজিল্যান্ড যদি ভ্যাঙ্কুভারে বেলজিয়ামকে হারিয়ে দিতে পারে, তাহলে তারাও নকআউটে চলে যাবে। যুদ্ধের কারণে ঠিকঠাক প্রস্তুতি নিতে না পারা ইরান বিশ্বকাপ শুরু করে নিউজিল্যান্ডের বিপক্ষে ২-২ ড্র দিয়ে। পরের ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে গোলশূন্য ড্র করে। ওই ম্যাচে ইরান আসরের অন্যতম সেরা রক্ষণ নৈপুণ্য দেখিয়েছে। এমনকি বেলজিয়াম একটি লাল কার্ড পেয়ে ১০ জনে পরিণত হওয়ার পরও আক্রমণ চালিয়ে গেছে। আর ইরান রক্ষণ সামলে মূল্যবান এক পয়েন্ট তুলে নিয়েছে।
প্রথম ম্যাচে মিসরও বেলজিয়ামের বিপক্ষে ড্র করেছিল। তবে সঠিক সময়ে জ্বলে ওঠে ‘ফারাও’রা। সালাহর নৈপুণ্যে ৩-১ গোলে নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করে তারা। ওই ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন মিডফিল্ডার হামদি ফাতে। সেদিন তাঁর বদলে নামা রামি রাবেয়া শেষ গ্রুপ ম্যাচেও থাকছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে চোট পেয়েছেন ডিফেন্ডার হোসাম আবদেলমাগুইদ। তাঁকেও এ ম্যাচে না পাওয়ার শঙ্কা রয়েছে। ইরান অবশ্য চোট নিয়ে খুব বেশি দুশ্চিন্তায় নেই। চোটের কারণে প্রথম দুই ম্যাচ মিস করা মিডফিল্ডার রুজবেহ চেশমিকে এ ম্যাচেও পাওয়া যাবে না। বেলজিয়ামের বিপক্ষে ড্র করা ম্যাচের একাদশে একটি পরিবর্তন আনতে পারেন ইরানের কোচ। আলিরেজা জাহানবখশ আসতে পারেন একাদশে।
ফুটবলে ইরান ও মিসর এখন পর্যন্ত মাত্র দুবার মুখোমুখি হয়েছে, যেখানে উভয় দল একটি করে জয় পেয়েছে। ১৯৭৫ সালে প্রীতি ম্যাচে ইরান ২-১ গোলে মিসরকে পরাজিত করেছিল। আরেকটি প্রীতি ম্যাচে জয় পেয়েছিল মিসর।
- বিষয় :
- মিশর
- বিশ্বকাপ ফুটবল
