স্পেনের কাছে হারের পর পর্তুগালের প্রধান কোচের পদ ছাড়ছেন মার্টিনেজ
রবার্তো মার্টিনেজ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬ | ০৫:২৬
স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে পর্তুগাল। ম্যাচ শেষে জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন রবার্তো মার্টিনেজ।
সংবাদ সম্মেলনে মার্টিনেজ বলেন, বিশ্বকাপ জেতার লক্ষ্য নিয়েই তিনি পর্তুগালের দায়িত্ব নিয়েছিলেন। সেই লক্ষ্য পূরণ না হওয়ায় দায়িত্বে থাকার কোনো কারণ দেখছেন না তিনি।
মার্টিনেজ বলেন, আমি পর্তুগালে এসেছিলাম বিশ্বকাপ জিততে। যেহেতু সেটা সম্ভব হয়নি, তাই আমার মনে হয় দায়িত্বে থাকার কোনো অর্থ নেই।
তিনি জানান, সোমবারই তার চুক্তির মেয়াদ শেষ হয়েছে। এখন নতুন কোচ নিয়োগের দায়িত্ব পর্তুগাল ফুটবল ফেডারেশনের। ফেডারেশনের সভাপতি ও কর্মকর্তাদের এখন নতুন কোচ বেছে নেওয়ার সুযোগ রয়েছে। আমার চুক্তিও আজ শেষ হয়েছে।
বিশ্বকাপ শুরুর আগে বিদায়ের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি জানিয়ে মার্টিনেজ নিশ্চিত করেন, স্পেনের বিপক্ষে ম্যাচটিই ছিল পর্তুগালের কোচ হিসেবে তার শেষ ম্যাচ।
তিনি বলেন, এটাই জাতীয় দলের হয়ে আমার শেষ ম্যাচ। পর্তুগালে কাজ করতে পেরে আমি গর্বিত। এখানকার মানুষ আমাকে আপন করে নিয়েছে। এই দায়িত্ব পালন করা আমার জন্য গর্বের এবং আনন্দের ছিল।
এই বিশ্বকাপের পর পর্তুগাল অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারও শেষ হতে পারে বলে জোর আলোচনা চলছে। তবে এ বিষয়ে নিশ্চিত কিছু বলেননি মার্টিনেজ। বরং অধিনায়কের প্রশংসাই করেছেন তিনি।
মার্টিনেজ বলেন, রোনালদো ছিলেন একজন আদর্শ অধিনায়ক। শুধু গোল নয়, তার অ্যাসিস্টের পরিসংখ্যানও অসাধারণ। প্রতিদিনের অনুশীলন, ফুটবলের প্রতি তার নিবেদন সবকিছুই অন্যদের জন্য অনুকরণীয়। তাকে আমাদের উদ্যাপন করা উচিত।
স্পেনের বিপক্ষে দল ভালো লড়াই করেছে বলেও মন্তব্য করেন মার্টিনেজ। তার মতে, নকআউট ম্যাচে ছোট ছোট মুহূর্তই পার্থক্য গড়ে দেয়।
তিনি বলেন, রক্ষণে আমরা সাহসী ছিলাম, আক্রমণাত্মকভাবে খেলেছি এবং ভালোভাবে প্রতিরোধ গড়েছি। কিন্তু বিশ্বকাপের শেষ ষোলোতে ছোট ছোট বিষয়ই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে। বল পোস্টে লেগে ভেতরে যাবে কি যাবে না, কিংবা শেষ মুহূর্তের একটি সুযোগ এমন ছোট পার্থক্যই ফল নির্ধারণ করে দেয়।