ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

পেদ্রির হাতে স্পেনের লাগাম

পেদ্রির হাতে স্পেনের লাগাম
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ | ০৮:৩৪

স্প্যানিশদের ‘তিকিতাকা’ ফুটবল দর্শনে মিডফিল্ডার হলো মাঠের সূত্রধর। তাঁর হাতে থাকে খেলার রাশ। মাঝমাঠ থেকে বিরামহীন পাস খেলে পুরো দলের চালিকাশক্তি হিসেবে কাজ করেন তিনি। জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তা, সার্জিও বুস্কেট, সেস ফাব্রেগাসরা অতীতে এটা করে দেখিয়েছেন। বর্তমান স্পেন দলে সে কাজটাই করেন পেদ্রি। আজ ফ্রান্সের বিপক্ষে সেমিতে ২৩ বছরের এ তরুণের ওপরই নির্ভর করছে স্পেনের ভবিষ্যৎ। তিনি মাঝমাঠের লাগাম ধরতে পারলেই ম্যাচের নিয়ন্ত্রণ থাকবে স্পেনের হাতে।

আক্ষেপের বিষয় হলো এবারের বিশ্বকাপে স্বাভাবিক খেলাটা পুরোপুরি খেলতে পারছেন না পেদ্রি। যে কারণে শতভাগ প্রত্যাশা মেটাতে পারছেন না। এর পেছনে অবশ্য যথেষ্ট কারণও রয়েছে। তরুণ এ মিডফিল্ডারকে পুরোপুরি নিজেকে মেলে ধরতে দেখা যায় বার্সেলোনার হয়ে খেলার সময়। কাতালানদের হয়ে তিনি ডিফেন্সিভ মিডফিল্ডারের দায়িত্ব পালন করেন। রক্ষণে সহায়তা করার পাশাপাশি আক্রমণ গড়ে তোলেন। মূলত মাঝমাঠে খেলাটা নিয়ন্ত্রণ করেন তিনি। কিন্তু স্পেন দলে রদ্রির মতো অভিজ্ঞ মিডফিল্ডার থাকায় পেদ্রির ভূমিকা কিছুটা বদলে গেছে। স্প্যানিশদের হয়ে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতে দেখা যায় তাঁকে। প্রতিপক্ষের বক্সের আশপাশে থেকে গোল করা ও গোলের সুযোগ তৈরি তাঁর প্রধান কাজ। 

এই যেমন কেপ ভার্দের বিপক্ষে প্রথম ম্যাচে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে রদ্রির পাশে ছিলেন ফ্যাবিয়ান রুইজ। পেদ্রিকে তাদের সামনে নাম্বার টেনের ভূমিকায় খেলানো হয়। নতুন পজিশনে ভালো করতে পারেননি তিনি। ওই ম্যাচে স্পেনও গোলের দেখা পায়নি। অনভ্যস্ত পজিশনে খেলার কারণে এবার তেমন চোখেই পড়ছে না তাঁকে। বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে তো সেরা একাদশে জায়গা হারান। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমেও তেমন প্রভাব ফেলতে পারেননি। অথচ বার্সার মাঝমাঠের চাবিকাঠি তিনি। তাঁর সৃজনশীল খেলার কারণেই বার্সার পাসিং ফুটবল এতটা সফল।

ফ্রান্সের বিপক্ষে সেমির আগে এক অনুষ্ঠানে গিয়ে পেদ্রির ভূমিকা নিয়ে নিজের ভাবনা তুলে ধরেছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে, ‘বার্সার হয়ে পেদ্রি যেভাবে খেলে, আমাদের জন্য সেভাবে খেলতে পারবে না। আমাদের খেলার ধরন আলাদা। কিছু মিল থাকলেও দর্শনটা আলাদা। আমাদের রদ্রি ও জুবিমেন্দির মতো খেলোয়াড় আছে, তার (পেদ্রি) সঙ্গে যে-ই খেলুক, ওই খেলোয়াড়দের ওপর প্রভাব ফেলে।’ 

তবে সামর্থ্যের কারণে পেদ্রি নতুন ভূমিকায়ও ভালো খেলছেন বলে মনে করছেন ফুয়েন্তে, ‘সামর্থ্য ও প্রতিভার কারণে পেদ্রি ৬, ৮ কিংবা ১০ নম্বর হিসেবে খেলতে পারে। আমার সঙ্গে তার কথা হয়েছে। সে নিজেও শেষ পাস দেওয়া, পোস্টে শট নেওয়া ও প্রতিপক্ষের বক্সের ঢুকে আক্রমণে অংশ নিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে।’

আরও পড়ুন

×