ফাইনালে কারা খেলবে, জানাল সুপারকম্পিউটার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ | ০৯:৩৯
২০২৬ বিশ্বকাপ এখন শেষ চারের উত্তেজনায়। আজ বাংলাদেশ সময় রাত ১টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ও স্পেন। আর আগামীকাল বুধবার একই সময়ে দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ড। মাঠের লড়াই শুরুর আগেই কোন দুই দল ফাইনালে উঠতে পারে, সেই হিসাব কষে ফেলেছে বিশ্বখ্যাত ডাটা অ্যানালিটিক্স প্রতিষ্ঠান অপটা।
অপটার সুপারকম্পিউটার ২৫ হাজার প্রাক-ম্যাচ সিমুলেশনের ভিত্তিতে দুই সেমিফাইনালের সম্ভাব্য ফল প্রকাশ করেছে। সেই পূর্বাভাস অনুযায়ী, ফাইনালে দেখা হতে পারে ফ্রান্স ও ইংল্যান্ডের। অর্থাৎ, স্পেন ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিদায় দেখছে সুপারকম্পিউটার।
প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে এগিয়ে রেখেছে অপটা। কিলিয়ান এমবাপ্পের দল ফাইনালে ওঠার সম্ভাবনা পেয়েছে ৫৭.১০ শতাংশ, যেখানে স্পেনের সম্ভাবনা ৪২.৯০ শতাংশ। পরিসংখ্যান বলছে, দিদিয়ের দেশমের দল টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিতে পারে।
অন্যদিকে, দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের লড়াইকে বেশ কাছাকাছি দেখলেও সামান্য এগিয়ে রেখেছে থমাস টুখেলের দলকে। অপটার হিসাব অনুযায়ী, ইংল্যান্ডের ফাইনালে ওঠার সম্ভাবনা ৫২.৮৯ শতাংশ, আর লিওনেল মেসির আর্জেন্টিনার সম্ভাবনা ৪৭.১১ শতাংশ।
অর্থাৎ, সুপার কম্পিউটারের পূর্বাভাস সত্যি হলে ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠবে ইংল্যান্ড। অন্যদিকে, ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যাবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার।
অবশ্য ফুটবল কেবল পরিসংখ্যানের খেলা নয়। সুপারকম্পিউটারের হিসাব একদিকে থাকলেও শেষ পর্যন্ত মাঠের ৯০ কিংবা ১২০ মিনিটে ফুটবলারদের পারফরম্যান্সই ঠিক করে দেবে কারা খেলবে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে।
- বিষয় :
- ফ্রান্স
- স্পেন
- বিশ্বকাপ ফুটবল