ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ইংলিশদের কাঠগড়ায় কোচ টুখেল

ইংলিশদের কাঠগড়ায় কোচ টুখেল
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬ | ০৯:১০

আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে যাওয়ার পর অতিরিক্ত রক্ষণাত্মক হয়েই বিপদ ডেকে আনে ইংল্যান্ড। অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যাওয়ার পর সমতায় ফেরার আগ পর্যন্ত ৩৭ মিনিটে ইংল্যান্ডের পায়ে বল ছিল মাত্র ১২ শতাংশ। এই পরিসংখ্যানেই পরিষ্কার হয়ে যায় ইংল্যান্ডের কৌশল। আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হারের পর ইংল্যান্ডের কোচ টমাস টুখেলের এই কৌশলের কঠোর সমালোচনা চলছে। জার্মান কোচ টুখেল অবশ্য নিজের ভাবনায় অটল, কৌশল নিয়ে তাঁর কোনো আফসোস নেই।

অতি রক্ষণাত্মক কৌশলের জন্য টুখেলের সমালোচনা করেছেন স্বয়ং ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। খেলা শেষে কেইন বলেন, ‘দলের সবাই ভীষণ হতাশ। সবাই নিজেদের ঘাম-রক্ত ঝরিয়েছে। তার পরও চোখের জলে মাঠ ছাড়তে হলো।’ 

এই হারের জন্য কোচের কৌশলকেই দায়ী করেছেন তিনি, ‘এগিয়ে থাকার পরও আমরা কেবল বাঁচার চেষ্টা করলাম। এই ধরনের ম্যাচে এভাবে খেললে হয় না। গোল করার পর আরও আক্রমণাত্মক খেলা উচিত ছিল। কিন্তু এর বদলে আমরা গুটিয়ে গেলাম। রক্ষণে লোক বাড়ানো হলো। ওরা ঝড় তুলল। আমরা সামলাতে পারলাম না।’ 

কারও নাম না বললেও কেইনের কথা থেকে স্পষ্ট, কোচের অতি রক্ষণাত্মক কৌশলের সমালোচনার বিষয়টি। ৮৪ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থাকলেও শেষ সময়ে ২ গোল করে ম্যাচ জেতে আর্জেন্টিনা। টুখেল অবশ্য নিজের পরিকল্পনার ওপর ভরসা রেখেছেন, ‘আপনি হাজার কোচের সঙ্গে আলোচনা করতে পারেন। কিন্তু শেষ সিদ্ধান্ত আমাকেই নিতে হয়। আমার মনে হয়েছিল, এভাবে খেলাই ঠিক। তাই হারের দায় আমার। কিন্তু আমার সিদ্ধান্ত ভুল ছিল না। এই মুহূর্তে কোনো আফসোস নেই। দল সর্বস্ব দিয়ে খেলেছে এবং আমরা জয়ের খুব, খুব কাছাকাছি ছিলাম।’ 

গোল করার পর কেন এতটা রক্ষণাত্মক হয়ে পড়েছিলেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন তিনি, ‘আমার মনে হচ্ছিল রক্ষণে ফাঁক তৈরি হচ্ছে। তাই পাঁচ ডিফেন্ডারে চলে গিয়েছিলাম। কিন্তু ওরা ক্রমাগত ক্রস করল। হাওয়ায় লড়াই জিতল, আমরা আর পারলাম না।’

আরও পড়ুন

×