ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

চিন্তায় তিন ক্রিকেটারের চোট 

চিন্তায় তিন ক্রিকেটারের চোট 
×

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ | ১২:১৫ | আপডেট: ২৩ জুলাই ২০২৬ | ১২:৩৯

অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ থেকেই চোট জর্জরিত বাংলাদেশ। চোটের মহামারি লেগেছিল জিম্বাবুয়ে সফরে। কাফ মাসলের চোট না সারায় জিম্বাবুয়ে থেকে ম্যাচ না খেলে ফিরে এসেছেন লিটন কুমার দাস। বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকেও দেশে ফিরতে হয়েছিল সিরিজের মাঝপথে চোট নিয়ে। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ঢাকায় ফিরতে হয়েছিল শরিফুল ইসলামকে। গতকাল টি২০ দলের সঙ্গে দেশে ফেরা আরেক পেসার নাহিদ রানাও বয়ে এনেছেন চোট। অস্ট্রেলিয়া সফরের আগে খেলোয়াড়দের চোট দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে জাতীয় দল নির্বাচকদের। প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানান– লিটন, নাহিদ ও শরিফুলের চোটের কারণে দল ঘোষণা করতে দেরি হচ্ছে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজের যে দুটি ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা হবে, সেখান থেকে পয়েন্ট অর্জন করা কঠিন। বিদেশি দলগুলোর জন্য এমনিতে অস্ট্রেলিয়ার কন্ডিশন চ্যালেঞ্জিং। তার ওপর বাংলাদেশের বিপক্ষে দেশের মাটিতেও সেরা দল নিয়ে খেলবে অসিরা। মঙ্গলবার ১৩ সদস্যের দল ঘোষণা করেছে স্বাগতিকরা। এই দল দেখার পর বাশারের কাছে মনে হয়েছে, বাংলাদেশকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। 

তাঁর মতে, ‘একটা জিনিস খেয়াল করে দেখবেন, বাংলাদেশকে এবার অনেক গুরুত্বসহকারে নিয়েছে তারা। সেরা দল খেলাচ্ছে। এ রকম শক্তিশালী দল আগে কখনও দেয়নি।’ 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলের চেয়ারম্যান মনে করেন, অস্ট্রেলিয়ার কন্ডিশন বিশ্বের সব দলের জন্যই কঠিন। ‘ওই কন্ডিশনে গিয়ে কেউই তেমন ভালো করতে পারে না। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ভারতের মতো দলকে সংগ্রাম করতে দেখেছি ওই কন্ডিশনে। আমরা খুব ভালো প্রস্তুতি এবং ভরপুর আত্মবিশ্বাস নিয়ে গেলেও চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। এই বাস্তবতা মেনে চেষ্টা করতে হবে ভালো ক্রিকেট খেলার।’

গত বছর পার্থ ও মেলবোর্ন টেস্ট ম্যাচটি দুদিনে হেরেছিল ইংল্যান্ড। তবে বাংলাদেশের ভাগ্য ভালো, পার্থের মতো বাউন্সি উইকেটে খেলতে হবে না। দেশটিতে প্রাক-মৌসুম হওয়ায় টেস্ট দুটি রেখেছে ডারউইন ও ম্যাকয়ে। ডারউইনের কন্ডিশন কিছুটা স্পোর্টিং। মাল্টিস্পোর্টস ভেন্যু হওয়ায় ক্রিকেট খেলে ড্রপ ইন পিচে। গ্রেট বেরিয়ার রিফ অঞ্চলের ভেন্যু ম্যাকয়েও গড়া হবে ড্রপ ইন উইকেট। বাশার মনে করেন, স্পোর্টিং কন্ডিশন হওয়ার সম্ভাবনা থেকে সেরা দল নিয়ে খেলবে অস্ট্রেলিয়া। 

তিনি বলেন, ‘ডারউইন বা ম্যাকয়ের কন্ডিশন পার্থের মতো হবে না। আমরা জিম্বাবুয়ে সিরিজে ভালো খেললে আত্মবিশ্বাস নিয়ে যেতে পারতাম। একটু ধাক্কা খেয়েছি। তবে আমাদের এখন একটাই চাওয়া– সেরা দল নিয়ে যেন যেতে পারি। খেলোয়াড়দের চোট নিয়ে কিছু দুশ্চিন্তা আছে। এ জন্য দল দিতে পারছি না।’

অস্ট্রেলিয়া সফরের জন্য পেসনির্ভর বোলিং ইউনিট সাজাতে হবে নির্বাচকদের। এ কারণে জিম্বাবুয়ে সফরে চোট পাওয়া দুই পেসারের মেডিকেল রিপোর্টের জন্য অপেক্ষা। নাহিদ রানা জিম্বাবুয়েতে চোট অনুভব করলেও পরীক্ষা করা হয়নি। গতকাল বুধবার ঢাকায় পৌঁছে হাসপাতালে গিয়েছিলেন বাঁ পাঁজরের পেশির চোটের গভীরতা নির্ণয়ে এমআরআই করাতে। বিসিবির একটি সূত্র জানায়, আজ রিপোর্ট পাওয়ার পর বাকি সিদ্ধান্ত। গতকাল লিটন কুমার দাসেরও এমআরআই স্ক্যান হয়েছে সিঙ্গাপুরে। রিপোর্টের জন্য অপেক্ষা করছে বিসিবির মেডিকেল বিভাগ। বাঁহাতি পেসার শরিফুল ইসলামের পুনর্বাসন শেষের পথে। আজ বা কাল পুরোদমে বোলিং করবেন বলে জানা গেছে। তিনি ফিটনেস পরীক্ষা দেবেন এক-দুদিনের মধ্যে। এই তিন ক্রিকেটারের রিপোর্ট হাতে পেয়ে দল চূড়ান্ত করতে চান বাশার। 

তিনি জানান, এবাদত হোসেনকে অস্ট্রেলিয়া সফরের জন্য বিবেচনা করা হবে না পিতৃত্বকালীন ছুটিতে থাকায়। ‘জিম্বাবুয়ে সিরিজের পর সে কোনো ক্রিকেট খেলেনি। ভালো প্রস্তুতি ছাড়া টেস্ট ম্যাচ খেলা যায় না। তাঁকে ইনজুরি ঝুঁকিতে ফেলতে চাই না।’ 

বিসিবি মেডিকেল বিভাগের ছাড়পত্র পেলে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, শরিফুল ইসলাম ও খালেদ আহমেদকে নিয়ে হতে পারে টেস্ট দলের পেস বোলিং ইউনিট। এদিকে বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান ফিটনেস টেস্ট দেবেন ২৭ জুলাই।

আরও পড়ুন

×