ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

পারেদেসের শাস্তি চান না গাভি!

পারেদেসের শাস্তি চান না গাভি!
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ | ১২:২৯

ঘটনাটা বিশ্বকাপের ফাইনালের শেষ বাঁশি বাজার পর। উত্তপ্ত বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস ও স্পেনের এরিক গার্সিয়া। দুজনের বিবাদের মধ্যে হস্তক্ষেপ করতে যান গাভি। স্প্যানিশ এই মিডফিল্ডারকেই পারেদেসের ক্ষোভের মূল শিকার হতে হয়। ঝগড়ার একপর্যায়ে গাভিকে ধাক্কা দিয়ে ফেলে দেন পারেদেস। এমন ঘটনার পর ফিফা থেকে তদন্তও শুরু হয়েছে। 

ধারণা করা হচ্ছে, বড় ধরনের শাস্তি পেতে পারেন এ আর্জেন্টাইন। তবে পারেদেসের শাস্তি চান না বার্সেলোনার তারকা গাভি। ঘটনার কেন্দ্রে থাকা সত্ত্বেও গাভি জোর দিয়ে বলেছেন, ঘটে যাওয়া ঘটনার কারণে বোকা জুনিয়র্সের এই মিডফিল্ডার কোনো ম্যাচ মিস করুক, তা তিনি চান না। তবে তিনি স্বীকার করেছেন, পেশাদার খেলোয়াড়দের শিশুদের জন্য উদাহরণ তৈরি করা উচিত। 

স্পেনের স্থানীয় একটি গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় গাভি বলেন, ‘না, সততার সঙ্গে বলতে গেলে। আমি মনে করি না, তাঁর (লিয়ান্দ্রো পারেদেস) নিষিদ্ধ হওয়া উচিত। আমি বুঝি, এটি শিশুদের জন্য ভালো কোনো বার্তা নয়। তবে ফুটবলে এই শারীরিক ও আগ্রাসী দিকটাও থাকে। যৌক্তিক বিষয় হতো ম্যাচের সময়ই তাঁকে লাল কার্ড দেখিয়ে বের করে দেওয়া। ব্যস, এটুকুই। দিনশেষে এটি ফুটবল এবং আমি মনে করি, বিষয়টি এভাবেই দেখা উচিত।’

বিশ্বকাপ ফুটবলের ফাইনালের পরের ঘটনার কারণে পারেদেস ফিফার শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি হতে পারেন। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এই ঝগড়ার ফুটেজ পর্যালোচনা করছে এবং সহিংস আচরণের জন্য বেশ কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়ের বিরুদ্ধে শাস্তিমূলক কার্যক্রম শুরু করতে পারে। 

ফিফার ডিসিপ্লিনারি কোড অনুসারে, কনুই মারা, ঘুষি মারা, লাথি মারা, কামড় দেওয়া, থুথু ফেলা বা প্রতিপক্ষকে আঘাত করার মতো অপরাধের জন্য কমপক্ষে তিনটি ম্যাচের নিষেধাজ্ঞা বা ডিসিপ্লিনারি কমিটির বিবেচনা অনুযায়ী আরও দীর্ঘ মেয়াদে নিষিদ্ধ করার নিয়ম রয়েছে। 

তদন্তের আওতায় থাকা আরেকজন খেলোয়াড় হলেন নাহুয়েল মলিনা। অভিযোগ উঠেছে, এই আর্জেন্টাইন ফুলব্যাক স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে বুকে ঘুষি মেরেছিলেন, যখন রদ্রি সতীর্থদের সঙ্গে শিরোপা উদযাপনের জন্য দৌড়াচ্ছিলেন। ম্যানচেস্টার সিটির এই তারকা সঙ্গে সঙ্গেই মলিনাকে মোকাবিলা করতে ঘুরে দাঁড়ান, যা দুই দলের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

×