ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তানকে ইনিংস ব্যবধানে হারিয়ে জিতল ইংল্যান্ড

পাকিস্তানকে ইনিংস ব্যবধানে হারিয়ে জিতল ইংল্যান্ড
×

ছবি- এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬ | ১২:৩৫

হেডিংলিতে আড়াই দিনে ইনিংস ব্যবধানে হেরেছে পাকিস্তান। শুক্রবার তৃতীয় দিন চা বিরতির আগে ইংলিশ পেসারদের তোপে ১৩৫ রানে শেষ হয় পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। প্রথম ইনিংসে ১৭১ রান করেছিল তারা। স্বাগতিক ইংল্যান্ড প্রথম ইনিংসে ৪০৯ রান করেছিল। ইনিংস ও ১০৩ রানের জয়ে তিন টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। ২৭ আগস্ট লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্ট।

৮ উইকেটে ৩৬৬ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা ইংল্যান্ড দ্রুত লয়ে ব্যাট চালিয়ে ৪০০ পার করে ফেলে। ২৫ বলে ২৩ রান করে এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখেন দশ নম্বরে ব্যাট করতে নামা জোফরা আর্চার। পাকিস্তানের পক্ষে স্পিনার আলি উসমান ৫ উইকেট নেন। ২৩৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করতে নেমেই বিপদে পড়ে পাকিস্তান। দ্বিতীয় ওভারেই আউট হয়ে যান ইমাম-উল হক। অন্য ওপেনার আজান আওয়াইজও দ্রুতই সাজঘরে ফিরে আসেন। 

তৃতীয় উইকেটে আবদুল্লাহ শফিক ও শান মাসুদ প্রতিরোধের চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হননি। এ জুটি ভাঙার পরই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। সর্বোচ্চ ৪১ রান করেন মোহাম্মদ রিজওয়ান। ওলি রবিনসন, জোফরা আর্চার, যশ টং– তিন পেসার ৩টি করে উইকেট নিয়ে প্রতিপক্ষ শিবিরে ধস নামান।

আরও পড়ুন

×