ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

নাগপুরে পছন্দের উইকেট

নাগপুরে পছন্দের উইকেট
×

ছবি: এএফপি

আলী সেকান্দার, নাগপুর থেকে

প্রকাশ: ১০ নভেম্বর ২০১৯ | ০২:৩০

কন্ডিশন ক্রিকেটারদের ভালো পারফরম্যান্সে প্রভাব ফেলে। তাই প্রতিটি দলই চায় পছন্দের উইকেটে খেলতে। দিল্লিতে স্লো ও লো উইকেট পেয়ে গর্জে উঠেছিল বাংলাদেশ। রাজকোটে ছিল ব্যাটিং স্বর্গ। নাগপুরের সিরিজ নির্ধারণী ম্যাচের পিচ স্লো ও লো হওয়ার সম্ভাবনা বেশি। রোববার পছন্দের উইকেট পেলে জ্বলে উঠতে দেখা যেতে পারে টাইগারদের। বিদর্ভ ক্রিকেট স্টেডিয়ামের অতীত রেকর্ড সে বার্তাই দেয়।

এই মাঠে স্লো ও লো উইকেটে খেলা হয়েছে বেশিরভাগ ম্যাচ। এ পর্যন্ত যে ১১টি আন্তর্জাতিক টি২০ ম্যাচ হয়েছে এ মাঠে তাতে ছিল লো স্কোর। এ ধরনের উইকেটেই দেশে খেলেন টাইগাররা। কন্ডিশন অনুকূলে থাকলে সিরিজ জয়ের স্বপ্ন পূরণ হতেও পারে। শনিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে উইকেট নিয়ে কথা বলার মুহূর্তে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো স্বস্তি নিয়ে কথা বলেছেন। স্পিনাররা ম্যাচের নিয়ন্ত্রক হবে বলে বিশ্বাস তার।

এই ম্যাচ ঘিরে কোচিং স্টাফের পরিকল্পনা ছিল দারুণ। সকালে পিচ দেখার পরই নাঈম শেখ সেন্টার উইকেটের পাশে থেকে ৫০টিরও বেশি বড় শট খেলার প্র্যাকটিস করেন। প্রতিটি বলই বাউন্ডারি লাইনের ওপারে ফেলেছেন তরুণ এ ওপেনার। অনুশীলন শেষে জানালেন, 'প্রথম দুই ম্যাচ ভালো গেছে। একটা ভালো শুরু পেয়েছি। শেষ ম্যাচও ভালো খেলতে চাই। তবে এবার বড় স্কোর করতে চাই। পিচ সহজ নাও হতে পারে। তবে আমাকে ভালো খেলতে হবে। এ ধরনের উইকেটে খেলে আমরা অভ্যস্ত। চেষ্টা করব, উইকেট ধরে রেখে বড় ইনিংস গড়ে তুলতে।'

প্রধান কোচ ডমিঙ্গো নিজের অভিজ্ঞতা থেকে ক্রিকেটারদের কন্ডিশন সম্পর্কে একটা ভালো ধারণা দিয়েছেন। তিনি জানান, লো স্কোর ম্যাচ হবে আজ, 'শেষ যেবার আমি নাগপুরে এসেছিলাম, দুই দিনেই খেলা শেষ হয়ে যেতে দেখেছি। এবার একটু ভালো মনে হচ্ছে। আমার মনে হয় নাগপুর ঐতিহ্যগতভাবেই লো স্কোর হয়। রাজকোটে গড় স্কোর ছিল ১৮৫ রান। সেখানে এই মাঠে তা ১৫৫ রান। আমার মনে হয় স্পিনাররা বড় ভূমিকা পালন করবে। যেটা রাজকোটে ছিল না।'

এই ম্যাচে বোলারদের দিকে চেয়ে আছেন কোচ। স্পিনাররা ম্যাচের নিয়ন্ত্রক হবে বলে জানান তিনি। একাদশে একজন স্পিনার বাড়ানোর কথাও ভাবছেন, 'উইকেট স্পিন হলে একজন স্পিনার বাড়ানো হবে। ২০ ওভার করার মতো যথেষ্ট বোলার আছে দলে।' তবে পেস বোলারদের ওপরও আস্থা আছে কোচের। আজকের ম্যাচেও তিনজন পেসার রাখার পরিকল্পনা তার। বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের ওপর আস্থা রাখছেন তিনি, 'সে কোয়ালিটি বোলার। সে ম্যাচ জয়ী বোলার এবং সবচেয়ে অভিজ্ঞ বোলারও। আমার মনে হয়, বড় পারফরম্যান্স করার অপেক্ষায় সে। এই ফরম্যাটে বোলাররা চাপে থাকে। বিশেষ করে ভেজা বলে সেরা ব্যাটিং দলের বিপক্ষে।'

লো স্কোরিং পিচ হলেও ব্যক্তিগত বড় ইনিংসের ওপর জোর দেন ডমিঙ্গো। তিনি বলেন, সেট হয়ে গেলে কোনো একজনকে ৭০ থেকে ৮০ রানের ইনিংস খেলতে হবে। তিনি বলেন, 'গতকাল রাতে আমরা কথা বলেছি। মুশফিক প্রথম ম্যাচে বড় স্কোর করেছে, আমরা জিতেছি। রোহিত শর্মা বড় স্কোর গড়েছে ভারত জিতেছে। আমাদের নিশ্চিত করতে হবে, কেউ একজন ৭০ বা ৮০ রান করছে।'

গত ম্যাচে ভুল শট খেলে ব্যাটসম্যানরা উইকেট দিয়ে এসেছেন। ১৮৫ রানের উইকেটে ১৫৩ রান করে বাংলাদেশ। এই স্কোর সহজে তাড়া করে জয় পায় স্বাগতিকরা। গত ম্যাচের ভুল কমিয়ে আনতে চান তিনি, 'আমরা প্রতিটি ভুল থেকে শিখছি। আগামী বছর বিশ্বকাপে এই ধরনের পরিস্থিতির মুখে পড়লে অনেক ভালো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। আশা করি, পরের ম্যাচে ভুলগুলো কমিয়ে আনতে পারব।'

আরও পড়ুন

×