ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

বাংলাদেশের টার্গেট ভারতের অনভিজ্ঞ বোলিং

বাংলাদেশের টার্গেট ভারতের অনভিজ্ঞ বোলিং
×

ছবি: বিসিবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০১৯ | ০৬:১০

জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার কিংবা পেস অলরাউন্ডার হার্ডিক পান্ডিয়া নেই ভারতীয় দলে। পেস বোলিং আক্রমণে তাই খলিল আহমেদ এবং দিপক চাহার দায়িত্ব সামলাচ্ছেন। স্পিন আক্রমণে আছেন অভিজ্ঞ যুজবেন্দ্র চাহাল। তার সঙ্গে অনভিজ্ঞ ওয়াশিংটন সুন্দর এবং ক্রুনাল পান্ডিয়া স্পিন দায়িত্ব সামলাচ্ছেন। অভিজ্ঞ রবীন্দ্র জাদেজা কিংবা চায়নাম্যান কুলদীপ যাদব নেই ভারতীয় দলে।

বাংলাদেশ এই সুযোগটা নিতে চায়। শনিবার বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো সেই কথাই বলেছেন, 'এটা গোপন করার কোন বিষয় না, তারা তুলনামূলক অনভিজ্ঞ বোলিং আক্রমণ নিয়ে খেলছে। আমরা ব্যাটিংয়ে ভালো করলে। পরিকল্পনার ওপর বিশ্বাস রেখে খেললে ওদের বোলিং আক্রমণকে চাপে ফেলে দেওয়া সম্ভব।'

শুধু বোলিং নয় ব্যাটিংয়েও ভারত তুলনামূলক অনভিজ্ঞ দল নিয়ে খেলছে। টপ অর্ডারের তিন তারকা রোহিত শর্মা, শেখর ধাওয়ান এবং কেএল রাহুলের জন্য হয়তো সেটা চোখে পড়ছে না। তবে শ্রেয়াস আয়ার, ঋষভ পান্ত এবং শিভাম দুবেরা ভারতীয় দলে জায়গা নিশ্চিত করার লড়াইয়ে আছেন। আয়ার টিম ম্যানেজমেন্টের আস্থা অর্জন করেছেন। তবে উইকেটরক্ষক ঋষভ পান্ত বেশ সমালোচিত।

বাংলাদেশ দলও একাদশ নিয়ে স্বস্তিতে নেই। প্রথম দুই ম্যাচে তিন পেসার নিয়ে খেলেছে বাংলাদেশ। তারা ঠিক নিজেদের সেরাটা দিতে পারছেন না। মুস্তাফিজ এবং শফিউলকে নিয়ে টিম ম্যানেজমেন্টের চিন্তা আছে। তারা খরুচে বোলিং করছেন। ব্যাটিংয়ে স্লগ ওভারে মোসাদ্দেক-আফিফরা রাজকোটের ম্যাচে রান পাননি। নাগপুরের উইকেট বিবেচনায় দলে তাই আসতে পারে দুই পরিবর্তন। নাগপুরে ঘুরে দাঁড়িয়ে সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ দল। এখানকার উইকেট বাংলাদেশ দলের জন্য আদর্শ। দেশের মাটিতে এমন উইকেটে অহরহ খেলেন লিটন-মুশফিকরা। সুযোগটা কাজে লাগাতে চাইবে বাংলাদেশ।

আরও পড়ুন

×