টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে মিঠুন
ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০১৯ | ০৭:০৩ | আপডেট: ১০ নভেম্বর ২০১৯ | ০৭:২৯
দিল্লিতে প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয় নিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে রাজকোটে টস জিতে পরে ব্যাট করে ভারত জয় পায়। নাগপুরেও টস ছিল গুরুত্বপূর্ণ। কারণ শিশির ম্যাচে ফেলবে বড় প্রভাব। রোববার বিদর্ভ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে বোলিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ।
বাংলাদেশ অধিনায়ক বলেন, রান তাড়া করায় ভারত সব সময়ই ভালো দল।আমরা তাই তাদের প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছি। কম রানে তাদের আটকে রাখার চেষ্টা করবো। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও জানান, তিনি টস জিতলে শুরুতে বোলিং নিতেন। কারণ দ্বিতীয় ইনিংসে শিশির প্রভাব ফেলবে। শুরুতে ব্যাট করা দল ভালো সংগ্রহ পায় বলেও জানান তিনি।
বাংলাদেশ এবং ভারত একাদশে একটি করে পরিবর্তন এনেছে। বাংলাদেশ দলে মিডল অর্ডারে অলরাউন্ডার মোসাদ্দেক হোসেনের জায়গায় দলে এসেছে ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। অন্যদিকে ভারতীয় দলে বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়ার জায়গায় ব্যাটসম্যান মানিশ পান্ডে দলে এসেছেন। বাংলাদেশ দলে এ ম্যাচে অতিরিক্ত একজন স্পিনার আসবে বলে ধারণা পাওয়া গিয়েছিল। তবে প্রথম দুই ম্যাচের বোলিং আক্রমণে ভরসা রেখেছে দল।
ভারতের দল নির্বাচন নিয়ে ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে টুইট করেছেন, 'বিপজ্জনক এক একাদশ। ক্রুনালের জায়গায় মান্ডিশ পান্ডে। তার মানে শিভাম দুবেকে ৪ ওভার বল করতে হবে। অথবা দুবের সঙ্গে শ্রেয়াস আয়ারকে হাত ঘুরাতে হবে। ভারতের বোলিং আক্রমণ খুবই হালকা মনে হচ্ছে।'
বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন।
ভারত একাদশ: রোহিত শর্মা, শেখর ধাওয়ান, কেএল রাহুল, শ্রেয়াস আয়ার, মানিশ পান্ডে, ঋষভ পান্ত, শিভাম দুবে, ওয়াশিংটন সুন্দর, দিপক চাহার, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল।
- বিষয় :
- খেলা
- ক্রিকেট
- বাংলাদেশ-ভারত-২০১৯
- নাগপুর
- তৃতীয় টি-২০