রহমতের প্রতিরোধ ভাঙলেন এবাদত
ছবি- এসিবি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬ | ১৯:১২ | আপডেট: ১২ অক্টোবর ২০২৬ | ১৯:৫২
লিটনের সেঞ্চুরি ও মিরাজের ফিফটিতে আফগানিস্তানের সামনে ৪৭৯ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। সেই রান তাড়ায় নেমে শুরুতে উইকেট হারালেও পরে ঘুরে দাঁড়ানোর করে আফগানরা। তবে অধিনায়ক রহমত শাহকে ফিরিয়ে আবারও বাংলাদেশকে স্বস্তি দিয়েছেন এবাদত হোসেন। চতুর্থ ইনিংসে আফগানিস্তানের সংগ্রহ এখন ৩ উইকেটে ১২১ রান।
জয়ের জন্য সফরকারীদের এখনো প্রয়োজন ৩৫৮ রান। রহমত শাহ ১২৪ বলে ৫১ রান করে আউট হয়েছেন। এবাদতের অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে ব্যাটের কানায় লাগান তিনি। উইকেটের পেছনে ক্যাচটি তালুবন্দী করেন লিটন দাস। রহমতের বিদায়ে সেদিকউল্লাহ আতালের সঙ্গে তার ৮২ রানের জুটি ভাঙে। উইকেট পাওয়ার পর এবাদতকে দেখা যায় চিরচেনা স্যালুট উদ্যাপনে।
এই ক্যাচ ধরে টেস্টে এক ম্যাচে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ডও গড়েছেন লিটন। তার ডিসমিসাল সংখ্যা এখন আট। ২০০৪ সালে হারারেতে খালেদ মাসুদ এক টেস্টে সাতটি ডিসমিসাল করেছিলেন।
এর আগে রান তাড়ার শুরুতেই আফগানিস্তানকে ধাক্কা দেন এবাদত। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলে আবদুল মালিককে ২ রানে ফেরান তিনি। পরে হাসান মাহমুদের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ১৯ রান করে ফেরেন শহিদউল্লাহ । এরপর রহমত ও সেদিকউল্লাহর ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে আফগানিস্তান। তবে রহমতের বিদ্যায় আবারও চাপে পড়েছে তারা।
এর আগে দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৩৭২ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। লিটন ১১৫ বলে ক্যারিয়ারের সপ্তম টেস্ট সেঞ্চুরি করেন। মিরাজের সঙ্গে তার জুটিতে বড় লিড পায় স্বাগতিকরা। প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৪৬ রানের জবাবে আফগানিস্তান করেছিল ২৪০ রান। ফলে প্রথম ইনিংসে ১০৬ রানের লিডের সঙ্গে দ্বিতীয় ইনিংসের রান যোগ করে বাংলাদেশের মোট লিড দাঁড়ায় ৪৭৮। জিততে হলে আফগানিস্তানকে করতে হবে ৪৭৯ রান।
- বিষয় :
- বাংলাদেশ-আফগানিস্তান