ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

'লিটন-মুস্তাফিজকে নিয়ে ভাবার সময় আসেনি'

'লিটন-মুস্তাফিজকে নিয়ে ভাবার সময় আসেনি'
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০১৯ | ০৩:১৮

'যেতে হবে বহুদুর'। ভারতের বিপক্ষে সুযোগ পেয়েও সিরিজ হারের পর বাংলাদেশ টি-২০ অধিনায়ক মাহমুদুল্লাহর এমনই অনুধাবন। ভারতের বিপক্ষে নাগপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে জয়ের জন্য শেষ আট ওভারে ৭০ রানের মতো দরকার ছিল বাংলাদেশের। শেষ পাঁচ ওভারে ৪৯। টি-২০ ক্রিকেটে যা খুব কঠিন নয়। ওদিকে শিশিরের কারণে বল করতে অসুবিধা হচ্ছিল ভারতীয় বোলারদের। অথচ বাংলাদেশ ৬.২ ওভারে মাত্র ৩৪ রান তুলে হারিয়েছে ৬ উইকেট।

মাহমুদুল্লাহ বলেন, 'সত্যি বলতে টি-২০ ফরম্যাটে আমাদের এখনও অনেক পথ যেতে হবে। আমারা বিগ হিটারের ওপর নির্ভরশীল নয়। দলের সবাই দক্ষতার ওপর নির্ভর করে শট খেলে। আমরা যদি আমাদের গেম সেন্সে উন্নতি আনতে পারি। খেলার মানসিকতায় ধারাবাহিকতা দেখাতে পারি তবে এই ফরম্যাটে ভালো করার সুযোগ আছে আমাদের।'

দিল্লি এবং রাজকোটের ম্যাচে ভালো রান পেয়েছেন সৌম্য সরকার। রাজকোটে তার ইনিংসটা বড় করার সুযোগ ছিল। কিন্তু অহেতুক ডাউন দ্য উইকেটে এসে আউট হন তিনি। নাগপুরে প্রথম বলেই বিলাসি শট খেলতে গিয়ে আউট হন ক্যাচ দিয়ে। প্রথম ম্যাচে ভালো খেলা মুশফিকুর রহিম পরের দুই ম্যাচে ধারাবাহিকতা দেখাতে পারেননি। দলের গুরুত্বপূর্ণ সময়ে তার এবং আফিফের আউট বড় ক্ষতি করেছে দলের।

মাহমুদুল্লাহ জানান, '৩০ বলে যখন ৫০ রানের মতো দরকার ছিল তখনও সুযোগ ছিল আমাদের পক্ষে। কিন্তু আমরা সুযোগটা হারিয়েছি। এই সিরিজের তিন ম্যাচের কথা চিন্তা করলে আমরা ভালো খেলেছি। টি-২০ ফরম্যাটে একবার মোমেন্টাম হারালে সেটা আবার ফিরে পাওয়া কঠিন। আমরা জয়ের পথে ছিলাম। কিন্তু পরপর উইকেট হারিয়েছি। এভাবে আমরা একই ভুল বারবার করতে পারি না।'

তামিম-সাকিব না থাকায় ব্যাটিংয়ে লিটন দাস এবং সৌম্য সরকারে ভরসা রেখেছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু দলের আস্থার অবদান তারা রাখতে পারেননি। মুস্তাফিজ তিন ম্যাচেই ব্যর্থ হয়েছেন। তবে মাহমুদুল্লাহ মনে করেন, ক্রিকেটারদের খারাপ সময় আছে। এ নিয়ে তাদের হয়রানি করা ঠিক নয়।

তিনি বলেন, 'আমার মনে হয় না, তাদের সুযোগ দিয়ে ভুল কিছু করা হচ্ছে। বিশেষ করে টি-২০ ফরম্যাটে ক্রিকেটাররা খারাপ করলে সমর্থন দেওয়া উচিত। দল এবং টিম ম্যানেজমেন্ট কারো খারাপ সময় গেলে তাদের পাশে দাঁড়ায়। প্রত্যেক ক্রিকেটারের ক্যারিয়ারে পাঁচ-ছয় ম্যাচ করে খারাপ যায়। আমরা মুস্তাফিজের কাছ থেকে অনেক প্রত্যাশা করি। সে একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার। আমার মনে হয়, তাকে নিয়ে ভাববার সময় এখনও আসেনি। তার ফিরে আসা এক ম্যাচের ব্যাপার।'

আরও পড়ুন

×