বিশ্বনাথ-তারিককে নিয়ে কৌশলি ডুলি
বিশ্বনাথ-তারিক
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬ | ১২:১১ | আপডেট: ০৭ নভেম্বর ২০২৬ | ১২:১৫
সংবাদ সম্মেলনে মাইকের সামনে বসলে ভদ্রলোক এক মিনিটের ছোট্ট বক্তব্যেও অন্তত দশবার ‘রিয়ালিস্টিক’ শব্দটা উচ্চারণ করেন। বাস্তবের মাটিতে পা রেখে তিনি ফুটবলের প্রতিটি ঘুঁটি চালেন, ছক কষেন–এটাই তাঁর পরিচিতি। কিন্তু সাফের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে ডাগআউটে দাঁড়িয়ে বাংলাদেশ কোচ থমাস ডুলি যেন আচমকাই চেনা বাস্তবতার খোলস ছেড়ে নেমে এলেন এক ফ্যান্টাসিতে! ফুটবল ব্যাকরণের চেনা পাতাগুলো ছিঁড়ে ফেলে তিনি রাইট-ব্যাক পজিশন থেকে বিশ্বনাথ ঘোষকে সোজা ঠেলে দিলেন সেন্টার ফরোয়ার্ডে, আর ফুলব্যাক থেকে তারিক কাজীকে টেনে এনে বসালেন ডিফেন্সিভ মিডফিল্ডের মগজে। প্রথা ভাঙার এই সাহসিকতায় বিশ্বনাথ হয়তো গোল পাননি, স্কোরবোর্ডে তাঁর নাম ওঠেনি, কিন্তু ডুলির এই ‘রিয়ালিস্টিক ফ্যান্টাসি’র সৌজন্যে ফুটবল সমর্থকরা চাক্ষুষ করল ‘টোটাল ফুটবল’-এর কিছু ঝলক!
একজন সাচ্চা ডিফেন্ডারকে যখন স্ট্রাইকার হিসেবে বক্সের ভেতর ছেড়ে দেওয়া হয়, তখন প্রতিপক্ষের ডিফেন্ডাররা গোলকধাঁধায় পড়ে যান। তারা বুঝতেই পারেন না কাকে মার্ক করবেন। ভুটানের বিপক্ষে ম্যাচটিতে বিশ্বনাথের গোল হয়তো পাওয়া হয়নি, প্রথমার্ধে রাকিবের চমৎকার দুটি ক্রস থেকে গোল করার সুবর্ণ সুযোগ তিনি হাতছাড়া করেছেন। ১৫ মিনিটে মিস করেন, ৩৯ মিনিটেও আরেকট মিস, বল পোস্টরে বাইরে। গোলের খতিয়ান দিয়ে বিশ্বনাথের পারফরম্যান্স মাপা যাবে না। আসল উপযোগিতা ছিল তাঁর অদম্য এনার্জি এবং আগ্রাসী মনোভাব। বল হোল্ড করা, প্রতিপক্ষের ডিফেন্ডারদের ক্রমাগত চাপে রাখা এবং শারীরিক শক্তিতে ভুটান রক্ষণকে এলোমেলো করে দেওয়ার যে কাজ ডুলি তাঁকে দিয়েছিলেন, বিশ্বনাথ তা পালন করেছেন। ভুটানের ডিফেন্ডারদের শারীরিক গড়ন ও শক্তির বিপক্ষে লড়াই করার জন্য ডুলির এমন একজন খেলোয়াড় দরকার ছিল; যিনি বাতাসে ভেসে আসা বলের দখল (এরিয়াল ডুয়েল) নিতে পারেন।
‘সান মারিনোয় বিশ্বনাথকে ফাহিমের বদলি হিসেবে রাইট ফরোয়ার্ড হিসেবে নামাতে হয়েছিল এবং সে অসাধারণ পারফর্ম করেছে। গোলরক্ষকের বিপক্ষে তার দুটি সুযোগ এসেছিল, সে দ্বিতীয় গোলটিতে অ্যাসিস্ট করেছে। সে মাঠে যেভাবে অফুরন্ত শক্তি নিয়ে খেলে, কোনো ডিফেন্ডারের পক্ষেই এমন কাউকে সামলানো খুব কঠিন। কারণ সে থামে না, পুরো শক্তি দিয়ে দৌড়াতে থাকে। এই বিষয়টি ওর মধ্যে সবচেয়ে ভালো লাগে আমার। নাম্বার নাইন হিসেবে আপনাকে ঠিক সেখানেই যেতে হবে যেখানে বলের জন্য লড়াই করতে গিয়ে ব্যথা পাওয়ার ঝুঁকি থাকে, আর সে ওই চ্যালেঞ্জ নিতে একটুও ভয় পায় না। সে ঠিকই সেখানে যায়, তাই আমি খুব আশা করছিলাম সে যেন একটা গোলের সুযোগ পায়...। যদিও ভাগ্য সহায় না থাকায় সে বল জালে জড়াতে পারেনি। তবে যা হোক, তার পারফরম্যান্সে আমি খুবই খুশি।’
সমালোচকদের সেই চেনা যুক্তি– ‘গোল পাননি, অতএব কৌশলটি ভুল’–আধুনিক ফুটবলের ব্যাকরণে বড্ড সেকেলে ও ঠুনকো শোনায়। ফুটবল রোমান্টিকরা নিশ্চয়ই ভুলে যাননি, গ্যারেথ বেলও টটেনহ্যাম হটস্পারে ক্যারিয়ার শুরু করেছিলেন একজন সাধারণ লেফট-ব্যাক বা ডিফেন্ডার হিসেবে। বেলের ভেতরের সেই গতি আর আক্রমণাত্মক ঝাঁজ দেখে হ্যারি রেডন্যাপ তাঁকে ওপরে ঠেলে দিয়েছিলেন, যা ফুটবল ইতিহাসকে বদলে দিয়েছিল। বিশ্বনাথ হয়তো বেল নন, কিন্তু ডুলির এই কৌশলের আসল মাহাত্ম্য ছিল ভুটান ডিফেন্সে প্রচণ্ড এক মনস্তাত্ত্বিক ও শারীরিক নৈরাজ্য তৈরি করা। আধুনিক ফুটবলের মূল মন্ত্র ‘হাই প্রেসিং’ বা আক্রমণভাগ থেকেই রক্ষণের কাজ শুরু করা–সেখানে বিশ্বনাথের ক্ষ্যাপাটে মাইন্ডসেট ভুটানকে নিচ থেকে বল বিল্ড-আপ করতেই দেয়নি। হ্যাঁ, সুযোগ দুটি হাতছাড়া হয়েছে ঠিকই, কিন্তু সঠিক পজিশনিং সেন্স ছিল বলেই তিনি সেই সুযোগগুলো তৈরি করতে পেরেছিলেন। গোল না পাওয়াটা স্রেফ ফিনিশিংয়ের অনভ্যস্ততা হতে পারে, কিন্তু প্রতিপক্ষকে চমকে দেওয়ার চাল হিসেবে বিশ্বনাথকে ওপরে খেলানোটা কোনোভাবেই মন্দ ছিল না, বরং তা ছিল ট্যাকটিক্যাল মাস্টারস্ট্রোক।
আর হামজা চৌধুরীর অনুপস্থিতিতে বাংলাদেশের মাঝমাঠ কেমন যেন ফাঁকা লাগছিল। ডুলি সেখানে পাঠালেন তারিক কাজীকে। রক্ষণভাগের মানুষ যখন মাঝমাঠের ‘স্ক্রিন’ হিসেবে কাজ করে, তখন দলের ডিফেন্স লাইনের ওপর চাপ অর্ধেক কমে যায়। তারিক কাজী সেটাই করছিলেন। ভুটান যখনই কাউন্টার অ্যাটাকে ওঠার চেষ্টা করেছে, মাঝমাঠেই প্রাচীর তুলে দাঁড়িয়ে গেছেন তারিক। তাঁর নিখুঁত ইন্টারসেপশন এবং বল ডিস্ট্রিবিউশন ছিল চোখে পড়ার মতো। মাঝমাঠের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখে তিনি যেভাবে জামাল ভূঁইয়াদের খেলার স্বাধীনতা দিচ্ছিলেন, তা অনবদ্য। ভুলে গেলে চলবে না, ম্যাচটিতে দলের সেরা একাদশের চার জনক (হামজা, মুরসালিন, ফারহান আর তপু) ছাড়া ফরমেশন সাজাতে হয়ছেলি ডুলিকে। বিশ্বনাথকে ফরোয়ার্ডে খেলানো কোনো পাগলামি ছিল না, এটি ছিল সাহসিকতা।