ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বিশ্বনাথেই আস্থা থমাস ডুলির

বিশ্বনাথেই আস্থা থমাস ডুলির
×
×

ছবি- সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬ | ১৫:৩৬

ডায়েরির দুটি পাতায় ভিন্ন ভিন্ন ছক এঁকেছেন থমাস ডুলি। পাকিস্তান আর মালদ্বীপ ম্যাচের ফরমেশন গ্রাফ থেকে শুরু করে দলটির বেস্ট ইলেভেনে থাকা ফুটবলারদের নিয়ে ছক তৈরি করেন বাংলাদেশ কোচ। গতকাল রোববার জাতীয় স্টেডিয়ামের ভিআইপি গ্যালারিতে মালদ্বীপ আর পাকিস্তান ম্যাচে সূক্ষ্ম দৃষ্টি ছিল ডুলির। এ দুটি দলের কেউই গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ নয়। সাফ চ্যাম্পিয়নশিপে ১১ নভেম্বর এই আঙিনায় শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার আগেই সেমিফাইনালের ছক আঁকতে শুরু করেছেন বাংলাদেশ কোচ। কারণ, শেষ চারে এ দুটি দলের যে কোনো একটি বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে। তাই আগে থেকেই দল দুটির শক্তি-দুর্বলতাগুলো নোট করার জন্য জাতীয় স্টেডিয়ামে সহকারীদের নিয়ে হাজির ডুলি।

ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে জিতলেও বাংলাদেশের খেলায় মন ভরেনি সমর্থকদের। বদলি মোহাম্মদ ইব্রাহিমের গোলে জয়ের হাসি হাসলেও ডুলির কৌশল নিয়ে প্রশ্ন ওঠে, বিশেষ করে প্রথা ভেঙে ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষকে নাম্বার নাইনের পজিশনে খেলানোয় আলোচনা-সমালোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের এই কোচ নিজের সিদ্ধান্তকেই যথার্থ মনে করছেন। 

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচেও যে সেন্টার ফরোয়ার্ড হিসেবে বিশ্বনাথকে খেলাবেন, তা আরও স্পষ্ট হয়েছে বাংলাদেশ কোচের কথাতে, ‘তার (বিশ্বনাথ ঘোষ) যত সুযোগ এসেছিল, সেগুলোর ক্ষেত্রে একটু দুর্ভাগ্যজনক ছিল। একসময় তাকে পা অনেক দূর পর্যন্ত বাড়িয়ে দিতে হয়েছিল, সে ঠিকমতো পজিশন নিতে পারেনি, কিন্তু সে সেখানে উপস্থিত ছিল। আরেকবার সে হেড করার সুযোগ পায়, তাকে একটু পেছনে যেতে হয়েছিল– এটিও কিছুটা দুর্ভাগ্যজনক। আর সে যে শটটি নেয়, দেখবেন বলটি ঠিক শট নেওয়ার আগেই মাটিতে বাউন্স করে। তাই ট্রেনিংয়ে সে এই তিনটি সুযোগই কাজে লাগিয়েছিল। এবং এখন সেই মুহূর্ত, যার জন্য আপনারা সবাই অপেক্ষা করছিলেন।’

এরপর ডুলির কণ্ঠে ফুটে ওঠে প্রকৃত স্ট্রাইকার না থাকার আফসোস, ‘নাম্বার নাইন তথা আসল স্ট্রাইকার না থাকলে কঠিন হয়ে পড়ে। আপনি কী করতে চান? আপনি জানেন, আপনার এমন একজন মানুষ দরকার, যার এ বিষয়ে একটা সহজাত অনুভূতি বা ঘ্রাণ আছে। আপনাকে আঘাত করার মানসিকতা থাকতে হবে, আক্রমণাত্মক হতে হবে, চাপ সৃষ্টি করতে হবে। আপনাকে শারীরিকভাবে কড়া হতে হবে, খুব বেশি শারীরিক ফুটবল খেলতে হবে; কারণ ওদের মতো খেলোয়াড়দের বিপক্ষে আপনি যখন খেলবেন, তখন আপনাকে শক্ত হতেই হবে, নতুবা গোলকিপার বেরিয়ে আসবে। তাই আপনি যদি সেখানে যেতে ভয় পান, তবে আপনার কাউকে নেওয়ারই দরকার নেই। আর ড্রিলটা এ রকমই।’

হামজা চৌধুরী সকালে ঢাকায় পা রেখেছেন, ফারহান আলী ওয়াহিদও সন্ধ্যা নাগাদ চলে আসবেন। শেফিল্ড ইউনাইটেডের হয়ে শনিবার চার্লটনের বিপক্ষে খেলেছিলেন হামজা। সেই ম্যাচে তাঁর দল ২-১ গোলে হেরেছে। প্রথমার্ধে হলুদ কার্ড দেখা এ মিডফিল্ডারকে দ্বিতীয়ার্ধে আর নামাননি শেফিল্ড কোচ। দুজনই সোমবার বাংলাদেশ দলের সঙ্গে অনুশীলন করবেন বলে বাফুফে সূত্রে জানা গেছে। ফারহানকে নিয়ে অনিশ্চয়তা থাকলেও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে হামজার শুরুর একাদশে থাকা নিশ্চিত। সে ক্ষেত্রে ভুটান ম্যাচের একাদশে পরিবর্তন আনতে হবে ডুলিকে। 

প্রশ্ন উঠেছে কার পরিবর্তে হামজা বেস্ট ইলেভেনে খেলবেন? ভুটান ম্যাচের পারফরম্যান্স বিশ্লেষণ করলে কাজেম শাহ অথবা জামাল ভূঁইয়ার জায়গায় হামজাকে নামাতে পারেন বাংলাদেশ কোচ। একই সঙ্গে যদি ফারহান আলী ওয়াহিদকে খেলান ডুলি, তাহলে একাদশে বেশ কিছু পরিবর্তন আসতে পারে।

আরও পড়ুন

×