শিরোপা উৎসবের মাঝে জ্ঞান হারালেন পারেদেস
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬ | ১৬:৩৫
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক শিরোপা জয়ের আনন্দে মাতোয়ারা বোকা জুনিয়র্স। কিন্তু সেই উৎসবের মধ্যেই হঠাৎ উদ্বেগ ছড়িয়ে পড়ে দলটিতে। ম্যাচ শেষে টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ার সময় জ্ঞান হারিয়ে পড়ে যান অধিনায়ক লিয়ান্দ্রো পারেদেস। দ্রুত তাকে নেওয়া হয় কাছের একটি হাসপাতালে।
কলম্বিয়ার বারাঙ্কিয়ায় তীব্র গরম ও অসহনীয় আর্দ্রতায় অসুস্থ হয়ে পড়েন আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার। ম্যাচ শেষ হওয়ার আগেই শারীরিক অস্বস্তির কারণে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। পরে শিরোপা হাতে নিয়ে ডিএসপোর্টসকে সাক্ষাৎকার দেওয়ার সময় হঠাৎ জ্ঞান হারান পারেদেস। কয়েক সেকেন্ড পর নিজেই উঠে দাঁড়ালেও সতর্কতার অংশ হিসেবে তাকে হাসপাতালে নেওয়া হয়।
পারেদেসের অসুস্থতার কারণে আর্জেন্টিনার উদ্দেশে দলের যাত্রাও পিছিয়ে যায়। সতীর্থকে হাসপাতালে রেখে যেতে চাননি বোকা খেলোয়াড়েরা। এদিকে চিকিৎসাধীন অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটি ছবি দিয়ে সমর্থকদের আশ্বস্ত করেন পারেদেস। লেখেন, ‘আমরা ভালো আছি, এগিয়ে চলো বোকা! আজ এবং সব সময়।’
💣🔥Así reanimaron a Leandro Paredes quien se descompensó por el calor en Barranquilla. Vasco Arruabarrena confirmó que en el primer tiempo de la final, el capitán ya se sentía mal. Finalmente en el complemento debió abandonar el campo de juego. https://t.co/3houYh2gTY
— PaseClave (@paseclave__) November 22, 2026
চিকিৎসকদের পরীক্ষা শেষে অবশ্য রাত হাসপাতালে কাটাতে হয়নি তাকে। ছাড়পত্র পেয়ে দলের হোটেলে ফিরে যান পারেদেস। সেখানে সতীর্থদের সঙ্গে শিরোপা উদ্যাপনেও যোগ দেন। হোটেলে ফেরার সময় সমর্থকদের দিকে বৃদ্ধাঙ্গুলি উঁচিয়ে স্বস্তির বার্তা দেন তিনি।
বোকা জুনিয়র্সও পারেদেসের সতীর্থদের সঙ্গে পুনর্মিলনের একটি ভিডিও প্রকাশ করে। মজার ছলে তার চিকিৎসা প্রতিবেদনেও জানানো হয়, শিরোপা উদ্যাপনের আনন্দে কিছুটা মাথা ঘুরেছিল অধিনায়কের, তবে এখন সবকিছু ঠিক আছে।
এর আগে আতলেতিকো মিনেইরোর বিপক্ষে ২-০ গোলের জয়ের ম্যাচেও গরমের সঙ্গে লড়তে হয়েছে পারেদেসকে। দ্বিতীয়ার্ধের ১৩ মিনিটে নিজেই বদলি হতে চান তিনি। মাঠ ছাড়ার পর ডাগআউটে বসে তার সতীর্থরা জার্সি দিয়ে বাতাস করেন এবং ঘাড়ের পেছনে বরফের প্যাকেট দেন।
ম্যাচ শেষে বোকা কোচ রোদলফো আরুয়াবারেনা জানান, পারেদেস নিজেই মাঠ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আর স্বাভাবিকভাবে খেলতে পারছিলেন না। কোচের ভাষায়, প্রথমার্ধের শেষ দিক থেকেই ক্লান্তি অনুভব করছিলেন পারেদেস। বিরতির পর কিছুটা ভালো হলেও দ্বিতীয়ার্ধে আবার সমস্যা দেখা দেয়।
- বিষয় :
- লিয়ান্দ্রো পারেদেস