মুল্ডারের আগুনে ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ
ছবি- এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬ | ১৮:১৫ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬ | ১৮:৪১
সেঞ্চুরিয়ন টেস্টে ইনিংস ব্যবধানে হারের দোরগোড়ায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৪৭ ওভারে ৮ উইকেটে ১৭০ রানে ব্যাট করছে সফরকারীরা। প্রথমবারের মত টেস্ট ক্যারিয়ারে পাঁচ উইকেট পূর্ণ করেছেন মুল্ডার। দক্ষিণ আফ্রিকার ৪০৩ রানের লিডের বিপরীতে ইনিংস হার এড়াতে এখনো ২৩৩ রান দরকার বাংলাদেশের।
তৃতীয় দিনের শুরুতেই ৭ উইকেটে ৪৯৪ রানে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে মাত্র ৯১ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশের সামনে তখনই ইনিংস হারের শঙ্কা তৈরি হয়।
দ্বিতীয় ইনিংসে ভালো শুরু করেছিলেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও মাহফিজুল ইসলাম রবিন। মুল্ডারের অফ স্টাম্পের বাইরের বলে কাট করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ৪৮ বলে ২৯ রান করে ফেরেন তানজিদ। ৫৮ রানে ভাঙে তাদের জুটি। এটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরে ও বাইরে মিলিয়ে বাংলাদেশের ওপেনিংয়ে সর্বোচ্চ রানের জুটি। এতদিন রেকর্ডটি ছিল আল শাহরিয়ার ও হান্নান সরকারের, ২০০২ সালে পচেফস্ট্রুমে তাদের জুটিতে এসেছিল ৫২ রান।
এরপর রানের খাতা খুলতে পারেননি মুমিনুল হক। উইয়ান মুল্ডারের লেগ স্টাম্পের বাইরের বলে মারতে গিয়ে উইকেটের পেছনে রায়ান রিকেলটনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এর আগে প্রথম টেস্টে তিনি করেছিলেন ০ ও ১ রান। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে আউট হন ১৮ রানে। সব মিলিয়ে দুই টেস্টের চার ইনিংসে তার সংগ্রহ মাত্র ১৯ রান।
ইনিংস বড় করতে পারেননি মাহফিজুল ইসলাম রবিনও। মার্কো ইয়ানসেনের বলে এলবিডব্লিউ হয়ে ৬২ বলে ৩৮ রান করে ফেরেন এই ওপেনার। রিভিউ নিয়েও লাভ হয়নি, টিভি রিপ্লেতে ইমপ্যাক্টে আম্পায়ার্স কল আসায় মাঠের সিদ্ধান্ত বহাল থাকে। পুরো সিরিজেই ব্যাট হাতে স্বস্তিতে ছিলেন না রবিন।
এরপর নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয় প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। ৩ উইকেটে ১০৯ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ। হৃদয় ২৩ ও শান্ত ১২ রানে অপরাজিত ছিলেন। তখনো দক্ষিণ আফ্রিকার চেয়ে ২৯৪ রানে পিছিয়ে ছিল সফরকারীরা।
বিরতির পর ব্যাটিংয়ে ধস নামে। শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন হৃদয়। ৩৩ বলে ৪১ রান করে রাবাদার অফ স্টাম্পের বাইরের লাফিয়ে ওঠা বলে খেলতে গিয়ে গালিতে ক্যাচ দেন তিনি। এরপর মুল্ডারের ভেতরে ঢোকা বলে বোল্ড হন লিটন দাস।
পঞ্চম উইকেট হারানোর পর শেষ স্বীকৃত ব্যাটার হিসেবে ক্রিজে আসেন জাকের আলী। দলীয় ১৬২ রানে মুল্ডারের বলে বোল্ড হন জাকের (২)। ভেতরে ঢোকা বলে লাইন বুঝতে না পারায় বল ব্যাটের বাইরের কানা ছাড়িয়ে স্টাম্পে আছড়ে পড়ে। পরের বলেই শরিফুল ইসলামকে বোল্ড করে পাঁচ উইকেট পূর্ণ করেন মুল্ডার। শরিফুল ১ বল খেলে রানের খাতা খুলতে পারেননি।
৫ উইকেট নিয়েও থামেননি মুল্ডার। ছক্কা হাঁকাতে সামনে এগিয়ে খেলতে গিয়ে স্ট্যাম্পিং হন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ক্রিজে ব্যাট করছেন তাসকিন ও খালেদ।
- বিষয় :
- বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা