ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

দল পাননি জু্বায়ের, ড্রাফটেই নেই রিশাদ

দল পাননি জু্বায়ের, ড্রাফটেই নেই রিশাদ
×

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৯ | ০২:২১

বঙ্গবন্ধু বিপিএলের ড্রাফটে রোববার প্রথমবার খেলোয়াড় নেওয়ার সুযোগ পায় খুলনা টাইগার্স। প্রিমিয়ার ব্যাংকের স্পন্সর করা দলটিতে বিসিবি থেকে নিযুক্ত হয়েছেন খালেদ মাহমুদ সুজন। প্রথম সুযোগেই তিনি মুশফিকুর রহিমকে নিয়ে নেন। দ্বিতীয় সুযোগে ঢাকা প্লাটুন নেয় তামিম ইকবালকে। প্রথম পছন্দ হিসেবে পরের দলগুলো নেয় যথাক্রমে রাজশাহী রয়্যালস লিটন কুমার দাসকে, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স মাহমুদুল্লাহ রিয়াদকে, রংপুর রেঞ্জার্স মুস্তাফিজুর রহমানকে, কুমিল্লা ওয়ারিয়র্স সৌম্য সরকারকে এবং সিলেট থান্ডার মোসাদ্দেক হোসেন সৈকতকে। প্রতিটি রাউন্ডে মোট দু'জন করে খেলোয়াড় নেওয়ার সুযোগ পায় দলগুলো।

চতুর্থ রাউন্ডের দ্বিতীয় দফায় দেশিদের মধ্যে অষ্টম খেলোয়াড় হিসেবে ঢাকায় সুযোগ পান মাশরাফি। ফ্র্যাঞ্চাইজিবিহীন আসরে দলের প্রতিনিধি হয়ে ড্রাফট টেবিলে বসা কোচ-কর্মকর্তারা বেশিরভাগ ক্ষেত্রেই পছন্দ বাছাই করতে হিমশিম খেয়েছেন, সময় নিয়েছেন অনেক বেশি। পছন্দ, প্রাপ্যতা, স্কোয়াডের কম্বিনেশন মাথায় রেখে ফ্র্যাঞ্চাইজিরা যেভাবে খেলোয়াড় নিয়ে থাকতেন, তার অনুপস্থিতি ছিল স্পষ্ট। তবে তুলনামূলক গোছানো এবং ভাবনা-চিন্তা করে খেলোয়াড় নিতে দেখা গেছে খুলনার সুজন, রংপুরের সুমন ও কুমিল্লার নান্নুকে।

ড্রাফট পরিচালনার দায়িত্বে থাকা বিসিবি সিনিয়র সহসভাপতি মাহবুব আনাম একাধিকবার দলগুলোকে একজন দেশি লেগস্পিনার এবং ঘণ্টায় ১৪০ কিমি গতিসম্পন্ন একজন বিদেশি পেসার নেওয়ার কথা মনে করিয়ে দিয়েছেন। কিন্তু এর প্রভাব পড়তে দেখা যায়নি দলগুলোর খেলোয়াড় ডাক দেওয়ার সময়। লেগস্পিনার হিসেবে আমিনুল ইসলাম বিপ্লব খুলনায় এবং মিনহাজুল আবেদীন আফ্রিদি রাজশাহীতে সুযোগ পেলেও জুবায়ের হোসেন লিখনকে কেউ নেয়নি। হাবিবুল বাশার রংপুরে রিশাদ হোসেনকে নিতে চাইলেও ড্রাফট কমিশনার জানান, তরুণ এই লেগস্পিনার ড্রাফটেই নেই।

আগামী ৮ ডিসেম্বর উদ্বোধন হতে যাওয়া বিপিএল সপ্তম আসরের জন্য ড্রাফট থেকেই বেশ কয়েকজন বিদেশি রিক্রুট করেছে দলগুলো। এর মধ্যে দেশিদের মধ্যে প্রথম পছন্দ তামিমকে না পেলেও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বিদেশিদের প্রথম ডাকের সুযোগ পেয়েই ক্রিস গেইলকে দলে ভিড়িয়েছে। ঢাকা নিয়েছে শহীদ আফ্রিদিকে, খুলনা মোহাম্মদ আমিরকে। তবে ড্রাফটে থাকা তিন ভারতীয়র দিকে কেউ আগ্রহ দেখায়নি।

আরও পড়ুন

×