ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

উইকেটকিপিং ছেড়েও পাঁচে কেন মুশফিক?

উইকেটকিপিং ছেড়েও পাঁচে কেন মুশফিক?
×

ছবি: ফাইল

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৯ | ০৭:৪৫

ইডেন গার্ডেনে ভারতের বিপক্ষে গোলাপি বলে প্রথম দিবা-রাত্রির টেস্ট খেলবে বাংলাদেশ। ফ্লাডলাইনে, গোলাপি বলে বাংলাদেশ মানিয়ে নিতে পারবে কি-না সেই প্রশ্ন আছে। তার সঙ্গে যোগ হয়েছে একাদশ এবং দলের সমন্বয়ের চিন্তাও।

ইন্দোর টেস্টে বাংলাদেশ দুই পেসার এবং দুই স্পিনার নিয়ে খেলেছে। কিন্তু কলকাতায় এই সমন্বয় বিকল হয়ে উঠতে পারে। কারণ দুপুর একটায় শুরু হওয়া ম্যাচে সন্ধ্যার আগে থেকেই শিশির প্রভাব রাখতে শুরু করবে। স্পিন হয়ে পড়বে অকেজো। গোলাপি বলে পেসাররা আবার তুলনামূলক বেশি সুইং পাবেন। এই চিন্তায় বাংলাদেশ তিন পেসার নিয়ে খেলতে পারে ইডেন গার্ডেন টেস্ট। সঙ্গে দু্ই স্পিনার নিয়ে পাঁচ বোলারে আক্রমণ সাজাতে পারে বাংলাদেশ।

এর সঙ্গে যোগ হয়েছে মুশফিকুর রহিমের ব্যাটিং অর্ডার নিয়ে সিদ্ধান্তে আসার চিন্তা। ভারত সিরিজ থেকে মুশফিকুর রহিম উইকেটকিপিং ছেড়ে দিয়েছেন। কারণ ব্যাটিংয়ে বাড়তি মনোযোগ দিতে চান তিনি। দলও তার থেকে ব্যাটিংয়ে সর্বোচ্চটা চায়। কিন্তু মুশফিক পাঁচে ব্যাট করা মানে দল তার থেকে সেরাটা থেকে বঞ্চিত হচ্ছে। মুশফিকও দিতে পারছেন না নিজের সেরাটা। টিম ম্যানেজমেন্টও চায় মুশফিক চারে খেলুক। কিন্তু দলের সেরা এবং সিনিয়র এই ব্যাটসম্যান নিজেই চান পাঁচে খেলতে।

কারণ হিসেবে মনে করা হচ্ছে মুশফিকের সংস্কার। তিনি পাঁচে ভালো খেলেন। ওই পজিশনে তার গড় রান ভালো। বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হকও চান মুশফিক চারে ব্যাটিং করুক। কিন্তু সিনিয়র এই ক্রিকেটারকে তিনি জোর করতে পারেন না। এটার সমাধানে তাই টিম ম্যানেজমেন্ট এবং জাতীয় দলের হেড কোচ রাসেল ডমিঙ্গোকে এগিয়ে আসতে হবে।

মুশফিকের আগে ব্যাটিং করা নিয়ে বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুমিনুল বলেন, 'আমাদের এটা নিয়ে আলাপ করতে হবে এবং সিদ্ধান্তে আসতে হবে। সত্যি বলতে আমরা এখনও এ নিয়ে কোন সিদ্ধান্ত নেয়নি। যদি ম্যানেজমেন্ট মনে করে মুশফিক ভাইকে উপরে ব্যাট করাতে হবে, আমার মতে এটা হবে ইতিবাচক পদক্ষেপ।'

টেস্টে দলের সেরা ব্যাটসম্যানরা সাধারণত চারেই ব্যাটিং করেন। ভারতের বিরাট কোহলি, অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথরা চারে ব্যাটিং করেই টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষে আছেন। ইন্দোর টেস্টে ৪৩ এবং ৬৪ রান করা মুশফিকও বাংলাদেশ দলের সেরা ব্যাটসম্যান। মুশফিককে তাই কিপিং ছাড়ার পরে চারে ব্যাট করতে নিজ থেকেই এগিয়ে আসতে পারেন।

আরও পড়ুন

×