গোধূলিতে ধস ভারতের, কোহলিদের লিড ২৪১
ছবি: এএফপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৯ | ০২:৪৩ | আপডেট: ২৩ নভেম্বর ২০১৯ | ০৫:৪৪
গোলাপি বলে গোধূলিতে ব্যাট করা চ্যালেঞ্জ হবে। দিনের আলোয় ব্যাটিংয়ের পরে ফ্লাডলাইটের আলোয় পড়তে হবে সমস্যায়। কলকাতায় হুট করে সন্ধ্যা নেমে আসে। ইডেন গার্ডেনসে বাংলাদেশ-ভারতের প্রথম দিবা-রাত্রির টেস্টের আগে এই সমস্যাগুলো তুলে ধরা হয়। দ্বিতীয় দিন তারই প্রভাব দেখা গেল। গোধূলি বেলায় ৫৮ রানে ভারত হারাল ৫ উইকেট। কোহলিরা প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩৪৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে। প্রথম ইনিংস থেকে তারা লিড নিয়েছে ২৪১ রানের।
টস জিতে ব্যাট করা বাংলাদেশ ১০৬ রানে প্রথম ইনিংসে অলআউট হয়। প্রথম দিনই ৩ উইকেটে ১৭৪ রান তুলে ফেলে ভারত। লিড নেয় ৬৮ রানের। দ্বিতীয় দিন কোহলি-রাহানের ব্যাটে ছুটতে থাকে ভারত। রাহানে ফিরে যান ৫১ রান করে। এরপর কোহলি টেস্ট ক্যারিয়ারের ২৭তম সেঞ্চুরি তুলে নিয়ে ১৩৬ রানে ইবাদতের বলে আউট হন।
কোহলি ফিরতেই ধস নামে ভারতের। রবিন্দ্র জাদেজা ১২ রানে ফিরে যান। অশ্বিন করেন ৯ রান। ইশান্ত শর্মা ও উমেশ যাদব কোন রান করতে পারেননি। ঋদ্ধিমান সাহা শেষ উইকেটে মোহাম্মদ শামির সঙ্গে ব্যাট করছিলেন। শাহা ১৭ রানে অপরাজিত থাকতে ইনিংস ঘোষণা করে ভারত। এর আগে প্রথমদিন ৫৫ রানে আউট হন চেতেশ্বর পূজারা। দুই ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ও রোহিত শর্মা যথাক্রমে ১৪ ও ২১ রানে আউট হন।
এর আগে ঐতিহাসিক ইডেন গার্ডেনে গোলাপি বলের টেস্টে ভারতীয় পেসারদের তোপে ৩০.৩ ওভারে অলআউট হয় বাংলাদেশ। শুরুর ৩৮ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সেখান থেকে আর উঠতে পারেনি তারা। এর মধ্যে টপ অর্ডারের তিন ব্যাটসম্যান মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন এবং মুশফিকুর রহিম ডাক মেরে ফেরেন। ওপেনার সাদমান ইসলাম দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন। কনকাশন হওয়া দুই ব্যাটসম্যান লিটন দাস ও নাঈম হাসান (আউট) যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ ২৪ ও ২৯ রান করেন।
গতি-সুইংয়ের পসরা সাজিয়ে বাংলাদেশের দশ উইকেটই নেন ভারতের তিন পেসার ইশান্ত ইর্শা, মোহাম্মদ শামি এবং উমেশ যাদব। ইশান্ত শর্মা ২০০৭ সালে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্টের পর এবারই প্রথম নিলেন পাঁচ উইকেট। এছাড়া উমেশ যাদব তিনটি এবং মোহাম্মদ শামি নিয়েছেন দুই উইকেট।
- বিষয় :
- খেলা
- ক্রিকেট
- বাংলাদেশ-ভারত-২০১৯
- কলকাতা টেস্ট
