মরিনহোর প্রথম পরীক্ষা ওয়েস্টহাম
ছবি: বিবিসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৯ | ০৩:৫৭
প্রায় বছরখানেক ছিলেন বেকার। এই এক বছরে ডাগ আউটে দেখা যায়নি হোসে মরিনহোকে। কখনও স্কাই স্পোর্টস, কখনও বেন স্পোর্টসের পর্দায় ফুটবল বিশ্নেষক হিসেবে হাজির হয়েছেন। শেষমেশ বেকার জীবনের পাট চুকিয়ে টটেনহামে নতুন চাকরি নিলেন মরিনহো। তাকে পেয়ে স্পার্সরাও বেশ খুশি। প্রথম দফায় ডানে-বামে না তাকিয়ে চার বছরের জন্য চুক্তি করে নেন মরিনহোর সঙ্গে। আজ তার হাত ধরেই নতুন করে শুরু করবে টটেনহাম। খুলবে মরিনহো-চ্যাপ্টার।
পুরোনো মানুষ, এই প্রিমিয়ার লিগেই কাটিয়েছেন কোচিং ক্যারিয়ারের সিংহভাগ সময়। চেলসিতে ছিলেন দুই দফায়। এরপর ম্যানচেস্টার ইউনাইটেডে আরও কয়েক বছর। সেখান থেকে কাটা পড়েন। কয়েক দিন বেড়িয়ে আবারও সেই অঙ্গন প্রিমিয়ার লিগে ফেরা। তবে এবার নতুন রূপে, নতুন কোনো ডাগ আউটে দেখা মিলবে স্পেশাল ওয়ান খ্যাত এই কোচকে।
প্রথম অ্যাসাইনমেন্ট, বলতে পারেন প্রথম পরীক্ষাও। প্রতিপক্ষ ওয়েস্টহাম অবশ্য তেমন ভারী দল নয়। তারপরও যাত্রাতে পা হড়কালে বিপদ। তাই তো আজ সতর্কভাবে মাঠে নামতে চায় মরিনহোর ছাত্ররা। শুরুর আগে পর্তুগিজ কোচও শোনালেন তেমন সুর, 'আমরা তাদের খাটো করে দেখছি না। ম্যাচটা গুরুত্বপূর্ণ। আমরা চাই ইতিবাচক কিছু করতে।'
সময়টা ভালো যাচ্ছে না টটেনহামের। প্রিমিয়ার লিগে নিয়মিত ধুঁকছে তারা। যেখানে গত কয়েক মৌসুম এই টটেনহামকে দেখা যেত তিন-চারে। এবার তারা বড্ড অচেনা। এই মুহূর্তে টেবিলের তলানিতে দলটি। ১২ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট তুলেছে মাত্র। তাতে জায়গা হয়েছে প্রিমিয়ার লিগের ১৪ নম্বর আসনে। আর মরিনহোর চ্যালেঞ্জটা এখানেই। ১৪ নম্বর থেকে ওপরে তুলে আনতে হবে টটেনহামকে। ফেরাতে হবে পুরনো রূপটা। দিনের আরেক ম্যাচে ম্যানচেস্টার সিটিকে দিতে হবে চেলসি পরীক্ষা।
- বিষয় :
- খেলা
- ফুটবল
- টটেনহাম-ওয়েস্টহাম
- মরিনহোৱ
