ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

মুশফিকদের চিন্তায় যুব বিশ্বকাপে নেই নাসিম

মুশফিকদের চিন্তায় যুব বিশ্বকাপে নেই নাসিম
×

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২০ | ০৩:৩১ | আপডেট: ০১ জানুয়ারি ২০২০ | ০৫:৪৮

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দলে ছিলেন পাকিস্তানের তরুণ পেসার নাসিম শাহ। তার অবশ্য যুব বিশ্বকাপেই খেলার বয়স। কিন্তু ১৬ বছর বয়সী এই ক্রিকেটারের পাকিস্তানের হয়ে টেস্ট অভিষেক হয়ে গেছে। সিনিয়র দলে বড় অবদান রাখায় তাকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দল থেকে প্রত্যাহার করে নিয়েছে পিসিবি।

জানুয়ারিতে পাকিস্তানে তিন ম্যাচের টি-২০ খেলার কথা আছে বাংলাদেশের। সূচিতে টেস্ট ম্যাচও আছে দুটি। শ্রীলংকার বিপক্ষে সর্বশেষ টেস্টে ঘরের মাঠে দুর্দান্ত বল করেন এই পেসার। বাংলাদেশের বিপক্ষে সিরিজেও তাই পাকিস্তানের নজরে আছেন তিনি। তাকে তাই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এরই মধ্যে তার বদলি ক্রিকেটাররের নামও ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহি ওয়াসিম খান বলেন, 'অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ তরুণ ক্রিকেটারদের আগমনী বার্তা দেওয়ার এবং আন্তর্জাতিক ক্রিকেটে আসার ভালো একটা সুযোগ। কিন্তু নাসিম সেই ধারণা ভেঙে দিয়েছে। এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট জায়গা করে নিয়েছে এবং তার গুরুত্ব বুঝিয়েছে। পিসিবি সেজন্য তাকে অনূর্ধ্ব-১৯ দল থেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে।'

নাসিম তাই যুব দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন না। তিনি পাকিস্তানেই থাকছেন এবং বোলিং কোচ ওয়াকার ইউনুসের সঙ্গে তার দক্ষতা বাড়ানো নিয়ে কাজ করছেন। তিনি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে না যাওয়ায় বাংলাদেশের বিপক্ষে সিরিজে খেলতে পারবেন। নাসিম অবশ্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে থাকলে বাংলাদেশের যুবা ক্রিকেটার তানজিদ তামিম-মাহমুদুল জয় কিংবা তৌহিদ হৃদয়দরা পরীক্ষা দেওয়ার সুযোগ পেতেন। কারণ গ্রুপ 'সি'তে বাংলাদেশের গ্রুপে আছে পাকিস্তান। এছাড়া স্কটল্যান্ড এবং জিম্বাবুয়ে আছে এই গ্রুপে।

আরও পড়ুন

×