বাংলাদেশে আসছেন না হাফিজ
মোহাম্মদ হাফিজ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২১ | ০৬:০৯ | আপডেট: ০৮ নভেম্বর ২০২১ | ০৬:০৯
তিন ম্যাচের টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচের সিরিজ খেলতে আগামী ১৬ নভেম্বর বাংলাদেশে আসছে পাকিস্তান। ১৯ তারিখ থেকে মাঠে গড়াবে দুই দলের সিরিজ। কিন্তু এই সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। বাংলাদেশ সফরে হাফিজের জায়গায় দলে অন্তর্ভুক্ত হবেন আরেক অলরাউন্ডার ইফতেখার আহমেদ।
বাংলাদেশ সফরে না আসার কারণ হিসেবে হাফিজ জানিয়েছেন, নতুনদের জায়গা করে দিতে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সংযুক্ত আরব আমিরাতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ সফর করবে পাকিস্তান দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পাশাপাশি সফরকারিরা টাইগারদের বিপক্ষে খেলবে দুইটি টেস্ট চ্যাম্পিয়নশীপের ম্যাচও। ১৯ তারিখে মিরপুর শেরে বাংলা বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে দুই দল। ২০ এবং ২২ নভেম্বর একই ভেন্যুতেই অনুষ্ঠিত হবে বাকি দুই টি-টোয়েন্টি ম্যাচ।
মিরপুরে টি-টোয়েন্টি সিরিজ শেষে দুই ম্যাচের টেস্ট খেলতে চট্টগ্রামে পাড়ি জমাবে দুই দল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৬ নভেম্বর প্রথম টেস্টে মাঠে নামবে টাইগাররা। শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ঢাকায়। ৫ বছর পর বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান দল।
