ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বার্তাকে নিখুঁত করবে রাইটিং হেল্প

বার্তাকে নিখুঁত করবে রাইটিং হেল্প
×

মুস্তাফা তৌহিদ

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫ | ০৮:৪৫

সব ধরনের ডিজিটাল গ্রাহকের চাহিদা পূরণে কাজ করছে প্রতিটি অ্যাপ। মানুষের কাজকে সহযোগিতা আর সহজ করতেই চলছে অ্যাপ আর ফিচার উন্নয়নের নিত্য উদ্ভাবনা। কথা একটাই, কিন্তু তা কয়েকজনকে বলার সময়ে বদলে যায় ধরন। কখনও রাগ, কখনও অভিযোগ, কখনও আবার পেশাদারি কাজের ভাষায় একই তথ্য দেওয়া যেতে পারে।

কিন্তু চ্যাটে কথা লেখার সময়ে কি এত্ত কিছু ভাবা যায়, নিশ্চয়ই না। অনেকে এখন সবকিছুর দায়িত্ব দিয়ে বসেন এআই প্রযুক্তিকে।

কিন্তু সে তো বেশির ভাগ ক্ষেত্রেই ইমেইল লেখার জন্য বিশেষ প্রযোজ্য হয়। এবার চ্যাটের ভাষাকে আরও যুক্তিযুক্ত করতে হোয়াটসঅ্যাপে নতুন অন্তর্ভুক্ত হয়েছে একটি এআই ফিচার, যার নাম রাইটিং হেল্প। হোয়াটসঅ্যাপ মেটা এআই পরিষেবায় এই বিশেষ সুবিধা নিতে পারবেন। আগ্রহীর লেখা যে কোনো মেসেজকে প্রয়োজন অনুসারে সময়োপযোগী ও ঠিকঠাক বাছাই করা শব্দে সঠিক ভাবনা প্রকাশে বেশ কিছু অপশন চ্যাটবক্সের ভেতরেই অন্তর্ভুক্ত করে দেবে এই ফিচার। যার মধ্যে সঠিকটা নির্বাচন করে নিলেই চলবে। যার ফলে হোয়াটসঅ্যাপ চ্যাটে যে কেউ অপ্রতিরোধ্য হয়ে উঠবেন কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে। যেহেতু হোয়াটসঅ্যাপে এনক্রিপ্টেড রুট ব্যবহৃত হয়, তাই এই কয়েক রকমের মেসেজ অপশন প্রত্যেক গ্রাহক আলাদা করে দেখতে পাবেন। সুতরাং বার্তা প্রেরণে ভাষাগত শব্দের মিল হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই।

কর্তৃপক্ষ নতুন করে এই ফিচারের কথা ঘোষণার পরেই শুরু হয়েছে তোড়জোড়। কবে থেকে বা কোন ব্র্যান্ডের ফোনে সুবিধাটি আগে দৃশ্যমান হবে, তা নিয়ে কোনো সুস্পষ্ট বার্তা দেয়নি কর্তৃপক্ষ। তবে অতীতের ধারাবাহিকতা বলছে, ক্রমান্বয়ে বিশ্বের সব হোয়াটসঅ্যাপ গ্রাহকের কাছেই এই পরিষেবা পৌঁছে যাবে।

আরও পড়ুন

×