রাজনৈতিক প্রোপাগান্ডার প্রধান কারণ ভুয়া লিঙ্ক
সাইবার গবেষণা
ভুয়া লিঙ্কে ছড়িয়ে পড়ছে রাজনৈতিক প্রোপাগান্ডা
টেকলাইফ প্রতিবেদক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫ | ০৮:৫৯ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫ | ১৯:৩৪
সফটওয়্যার আপডেট রাখা, পাসওয়ার্ড ব্যবস্থাপনা, মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন, সন্দেহজনক লিঙ্কে ক্লিক না করা– এসব মৌলিক নিয়ম মেনে না চললে ব্যক্তি, প্রতিষ্ঠান এমনকি রাষ্ট্রও বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে। তাই এই চারটি বিষয়ে অক্টোবর মাসজুড়ে সচেতনতা বাড়ানো হবে।
‘সাইবার সচেতন হোন, নিরাপদ থাকুন’ প্রতিপাদ্যে সারাদেশে অক্টোবরে দশম সাইবার নিরাপত্তা সচেতনতা কর্মসূচি উদযাপিত হবে। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামাজিক মাধ্যমে এখন রাজনৈতিক প্রোপাগান্ডা অনেকাংশে বাড়ছে। তথ্যপ্রযুক্তি ব্যবহারে নিরাপত্তা ঝুঁকি প্রতিরোধে দেশজুড়ে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান ও রাজনৈতিক সব দলকে সাইবার সচেতনতামূলক কর্মসূচি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।
সাইবার নিরাপত্তা সচেতনতাবিষয়ক জাতীয় কমিটির সদস্য সচিব মুশফিকুর রহমান জানান, সাইবার অপরাধে ভুক্তভোগীর মধ্যে সর্বোচ্চ ৭৮ দশমিক ৭৮ শতাংশের বয়সই ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। আক্রান্তের প্রায় ৫৯ শতাংশই নারী। অপরাধের ধরনের মধ্যে ২১ দশমিক ৬৫ শতাংশ সামাজিক মাধ্যম ও অনলাইনে অ্যাকাউন্ট বেদখলের (হ্যাকিং) শিকার হয়ে শীর্ষে রয়েছে।
অন্যদিকে, অপরাধের বহুমাত্রিকতাও যুক্ত হচ্ছে। যার প্রভাবে প্রতিবেদনে ‘অন্যান্য’ ধরনের অপরাধ আশঙ্কাজনক হারে বেড়েছে। এই হার সর্বশেষ গত বছরের প্রতিবেদনে বেড়ে দাঁড়িয়েছে ১১ দশমিক ৮৫ শতাংশে। মাত্র এক বছরের ব্যবধানে এই হার বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। অর্থাৎ প্রতিনিয়ত নিত্যনতুন ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। যার বিষয়ে গ্রাহকের আগে থেকে তেমন কোনো ধারণাই থাকে না।
ভুক্তভোগীর মধ্যে ৪৭ দশমিক ৭২ শতাংশ সামাজিক মর্যাদাহানি, ৪০ দশমিক ১৫ শতাংশ আর্থিক ক্ষতির শিকার। এদের প্রায় সবাই মানসিক যন্ত্রণায় কাতর ছিলেন। এদের মধ্যে মাত্র ১২ শতাংশ আইনের আশ্রয় নিয়েছেন। ৮১ দশমিক ২৫ শতাংশ সাধারণ ডায়েরি ও ১৮ দশমিক ৭৫ শতাংশ লিখিত অভিযোগ করেছেন।
আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগকারীর মধ্যে মাত্র ১২ দশমিক ৫০ শতাংশ মন্তব্য করেননি। সন্তুষ্ট নন ৮৭ দশমিক ৫০ শতাংশ। এসব প্রতারণায় আক্রান্তের বেশির ভাগই শিক্ষিত। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সর্বোচ্চ ৪০ দশমিক ৯০ শতাংশ ভুক্তভোগী উচ্চ মাধ্যমিক পাস, ২১ দশমিক ২১ শতাংশ স্নাতক/সমমান পাস, ১৬ দশমিক ৬৬
শতাংশ মাধ্যমিক পাস এবং ১২ দশমিক ৮৭ শতাংশ মাধ্যমিকের নিচে।
সারাবিশ্বে যেভাবে অক্টোবরকে সাইবার নিরাপত্তা সচেতনতা মাস হিসেবে উদযাপন করা হয়, বাংলাদেশে একই সময়ে কয়েকটি সচেতনতামূলক কর্মসূচি ২০১৬ সাল থেকে আয়োজন করে আসছে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন। চলতি বছর যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সাইবার সিকিউরিটি অ্যালায়েন্স কর্তৃক এমন প্রচারণায় এবার অফিসিয়ালি যুক্ত হয়েছে সংগঠনটি।
- বিষয় :
- গবেষণা
- সাইবার হামলা
