মেটা
আগামীর অ্যাপে গুনতে হবে পরিষেবা ব্যয়
টেকলাইফ ডেস্ক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:৫৮ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ | ১৬:৩৪
ভবিষ্যতে হোয়াটসঅ্যাপের বিশেষ সুবিধা পেতে গুনতে হতে পারে বাড়তি অর্থ। কয়েকটি প্রতিবেদন সূত্রে জানা গেছে, বিশেষ (পেইড) সংস্করণের ঘোষণা দিতে পারে এই অ্যাপ। অবশ্য সেটি অপশন হিসেবে আসতে পারে। ব্যক্তিগত ক্ষেত্রে এখন এই মেসেজিং ও কল অ্যাপ বিনামূল্যে ব্যবহার করা যায়।
আগেও পেইড অপশন এনেছিল এই অ্যাপ। প্রথম এই পরিষেবা সামনে আনা হয় ২০০৯ সালে। কিছুদিন পেইড অ্যাকসেস মডেল ব্যবহৃত হয়েছিল। ২০১৬ সালে দ্রুত গ্রাহক বাড়ানোর জন্য ওই মডেল সরিয়ে নেওয়া হয়। তার পর থেকে ব্যক্তিগত ক্ষেত্রে এই প্ল্যাটফর্ম ব্যবহারের জন্য কোনো অর্থ গুনতে হতো না। যদিও ব্যবসা (বিজনেস) সংস্করণে সাবস্ক্রিপশ-বেসড টুলের সুযোগ রয়েছে এতে। রিপোর্ট থেকে জানা গেছে, প্রধান অ্যাপের ক্ষেত্রে প্রিমিয়ার টিয়ার ধাঁচের কিছুর ঘোষণা দিতে পারে এই সংস্থা।
প্রিমিয়াম সংস্করণ
অনেক গবেষক বলছেন, ইতোমধ্যে স্ট্যান্ডার্ড হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে পেইড প্ল্যান নিয়ে পরীক্ষা করছে সংস্থাটি। এই সংস্করণে আগ্রহীরা এই অ্যাপের ওপর নিজেদের নিয়ন্ত্রণ আনতে পারবেন; ভেতরের আবহ ও ফাংশন নিজের মতো করে সাজাতে পারবেন। এসব গ্রাহকের চাহিদা পূরণে পেইড প্ল্যান ঘোষণা করতে পারে কর্তৃপক্ষ। প্রিমিয়াম সংস্করণে বহুমাত্রিক অ্যাপ থিম, স্টিকার, আইকন অপশন, এমনকি চ্যাট অ্যালার্ট সাউন্ডের ক্ষেত্রে বাড়তি অপশনের সুবিধা থাকবে।
বিশেষ কী সুবিধা
চ্যাটবট ব্যবহারের ক্ষেত্রে অনেক সুবিধা পাবেন প্রিমিয়াম সংস্করণের গ্রাহকরা। এই অ্যাপের গ্রাহকরা সর্বাধিক তিনটি চ্যাট পিন করে রাখতে পারেন। এটি অবশ্যই সীমাবদ্ধতা। প্রিমিয়াম সংস্করণে এই সংখ্যা বাড়ানোর মতো অনেক সুবিধা পাওয়া যাবে।
বর্তমানে বেটা সংস্করণের মাধ্যমে সুনির্দিষ্টভাবে একে পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানা গেছে। পরীক্ষায় ফলের ভিত্তিতে প্রিমিয়াম সংস্করণে নতুন সুবিধা ও বাড়তি ফিচারের পরিষেবা নেওয়া যাবে। কিন্তু ঠিক কবে নাগাদ এই সংস্করণ বাজারে আসবে, তা নিয়ে মেটা বা হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ তেমন কিছু জানায়নি।
