ক্যামেরা নেই, তবুও তৈরি হবে কনটেন্ট
শৈবাল হাসান
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬ | ১২:১৭
ভবিষ্যতে সবচেয়ে বেশি যে মাধ্যম ডিজিটাল প্ল্যাটফর্মকে সমৃদ্ধ করবে তা হলো ভিডিও কনটেন্ট। কিন্তু অনেকের আগ্রহ থাকলেও প্রথম ধাপেই ডিভাইস কিনে এতে বিনিয়োগ করা কঠিন হয়ে পড়ে। এ কারণে অপেক্ষাকৃত তরুণ ও নতুন কনটেন্ট ক্রিয়েটররা খোঁজেন কীভাবে সহজে কনটেন্ট তৈরি যাবে। এই শ্রেণির জন্য গুগল দিয়েছে নতুন খবর। আরেকটি নতুন চমকের কথা জানান দিল গুগল। ক্যামেরার সামনে না এসেও তৈরি করা যাবে ভিডিওচিত্র। প্রশ্ন আসবে– কীভাবে? গুগল ভিডজে জেমিনি ওমনি ও পার্সোনাল অ্যাভাটার্স নামে দুটি নতুন এআই ফিচার ব্যবহার করে এই ভিডিও বানানো যাবে।
এআই অবতারের মাধ্যমে ক্যামেরার সামনে না এসেও ভিডিও তৈরি করা সম্ভব হবে, যা কনটেন্ট তৈরিকে আরেক দফায় সহজ ও দ্রুত করবে। কীভাবে করা যাবে এই ভিডিও? কী কী ফিচার থাকবে এতে? শুধু টেক্সট লিখেই কীভাবে এআই ভিডিও তৈরি করা যাবে? এসব প্রশ্নের সদুত্তরের খোঁজ মিলেছে।
নতুন ভিডিও ফিচার
গুগলের জেমিনি ওমনি সংস্করণ এবং পার্সোনাল অ্যাভাটার্স ফিচারের সহায়তায় এখন আর ভিডিও তৈরি করার জন্য জটিল এডিটিং সফটওয়্যার ব্যবহার করার
প্রয়োজন পড়বে না। শুধু টেক্সট প্রম্পট লিখে বা ছবি বা স্কেচ আপলোড করে মুহূর্তেই তৈরি হবে ভিডিও। এমনকি নিজের এআই অবতার বানিয়ে এটি দিয়েও ভিডিও বানানো যাবে।
নতুন আপডেটের মাধ্যমে গুগল ভিডজ এখন আর শুধু প্রেজেন্টেশন টুল নয়; বরং সম্পূর্ণ ভিডিও ক্রিয়েশন প্ল্যাটফর্মে রূপান্তর হয়েছে। ওমনি ও পার্সোনাল অ্যাভাটার– এ দুই প্রযুক্তির মাধ্যমে ভিডিও তৈরি, কম্পোজ করা, সম্পাদনা করা ও এআই অবতারের সহায়তায় ভিডিও তৈরির সুবিধা পাওয়া যাবে।
ভিডজ দিয়ে যা করা যাবে
জেমিনির ওমনি দিয়ে পুরোনো ভিডিও সম্পাদনা করা ছাড়াও আরও কয়েকটি কাজ করা যাবে। তার মধ্যে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন, আলোর এফেক্ট ঠিক করা, নতুন কিছু যোগ ও ভিডিওর কোনো অংশ পরিবর্তন করা অন্যতম।
এর জন্য একটি সেলফি এবং অল্প সময়ের একটি ভয়েস রেকর্ডিং আপলোড করলেই এআই এমন একটি ডিজিটাল অবতার তৈরি করবে, যা দেখতে ও শুনতে অনেকটাই ব্যবহারকারীর মতো হবে। সবচেয়ে বড় সুবিধা হলো– প্রতিটি পরিবর্তনের জন্য নতুন করে ভিডিও তৈরি করতে হবে না। একবার আপলোড করলেই সেখান থেকে ধাপে ধাপে সব করা যাবে।
নিজস্ব অ্যাভাটার্স
এটি হলো গুগল ভিডজের নতুন এআই অ্যাভাটার ফিচার। এর মাধ্যমে ভিডিও বানাতে প্রথমে সেলফি আপলোড করতে হবে। দ্বিতীয়ত, ভয়েস রেকর্ডিং দিতে হবে। এরপর এআই এমন কাস্টমাইজ ডিজিটাল অবতার তৈরি করবে, যা যে কারও পছন্দের শর্ত পূরণ করবে। অবশেষে শুধু স্ক্রিপ্ট লিখে দিলেই এআই অ্যাভাটার ভিডিও বানানো যাবে।
যারা উপকৃত হবেন
শিক্ষক, করপোরেটে যারা চাকরি করেন, কনটেন্ট ক্রিয়েটর, প্রশিক্ষক ও ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এই ফিচার সবচেয়ে বেশি কার্যকর হবে। নিয়মিত ভিডিও তৈরি করতে যাদের ক্যামেরার সামনে দাঁড়াতে হয়, তাদের অনেক সময় সাশ্রয় হবে।
এআই অ্যাভাটার
এআই প্রযুক্তির অপব্যবহার রুখতে গুগল নতুন নিরাপত্তা ব্যবস্থা জোরালো করেছে। এতে পার্সোনাল অ্যাভাটার্স বানানোর ফিচার শুধু সেই গ্রাহকের গুগল অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকবে। অন্য কারও চেহারা বা কণ্ঠস্বর ব্যবহার করে অবতার তৈরি করা যাবে না।
তা ছাড়া এআইর মাধ্যমে তৈরি সব ভিডিওতে থাকবে SynthID নামে ডিজিটাল ওয়াটারমার্ক। এর মাধ্যমে সহজেই বোঝা যাবে ভিডিওটি এআই ব্যবহার করে নির্মিত। শর্ত রয়েছে, নিজস্ব অ্যাভাটার্স ব্যবহার করার জন্য বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে।
সুবিধা পাবেন কারা
বর্তমানে গুগলের এআই প্রো, আলট্রা সংস্করণের গ্রাহক ও নির্দিষ্ট গুগল ওয়ার্ক স্পেস বিজনেসের নিবন্ধিতরা এসব নতুন ফিচার ব্যবহার করতে পারবেন।
- বিষয় :
- ক্যামেরা