ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

ম্যাপিং সাফল্য

সিঙ্গাপুর যাচ্ছেন বাংলাদেশি গুগল লোকাল গাইডরা

সিঙ্গাপুর যাচ্ছেন বাংলাদেশি গুগল লোকাল গাইডরা
×

কামাল হোসেন, খোকন সরকার, সুমাইয়া জাফরীন, পাভেল সারোয়ার ও শফিউল বাশার

টেকলাইফ প্রতিবেদক 

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬ | ১২:২৩

বাংলাদেশের ডিজিটাল ম্যাপিং খাতে সাফল্যের মুকুটে যুক্ত হতে চলেছে আরেকটি নতুন পালক। গুগলের আমন্ত্রণে সিঙ্গাপুরে অবস্থিত সংস্থাটির এশিয়া-প্যাসিফিক সদরদপ্তর ভ্রমণ করবেন বাংলাদেশের বেশ কয়জন তরুণ গুগল লোকাল গাইড।

চলতি মাসের শেষ দিকে গুগল ম্যাপসের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও গ্লোবাল ইভেন্ট আয়োজন করা হয়েছে। এ আসরে অংশ নিচ্ছেন এশিয়া প্যাসিফিক অঞ্চলের কয়েকটি দেশ থেকে ৫০ জনের বেশি অভিজ্ঞ গুগল ম্যাপ কন্ট্রিবিউটর। গুগল ম্যাপস টিম এই ইভেন্টে নতুন ফিচার ও প্রযুক্তির আপডেট বিনিময় করবে।

গাইডরা তাদের মতামত জানাতে পারবেন সরাসরি। ৩০-৩১ জুলাই অনুষ্ঠিতব্য এই বিশেষ নলেজ শেয়ারিং ইভেন্টে অংশ নেবেন তারা। গত বছর জাপানের টোকিওতে অনুষ্ঠিত কানেক্ট লাইভ ২০২৫ পর্বে বাংলাদেশের প্রতিনিধিরা সফলভাবে অংশগ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় চলতি বছর সিঙ্গাপুর অফিসের এই আমন্ত্রণ বাংলাদেশের লোকাল গাইডস কমিউনিটির জন্য বড় স্বীকৃতি।

দলে যারা থাকছেন

বাংলাদেশি এই প্রতিনিধি দলে থাকছেন কানেক্ট ফোরাম মডারেটর মো. শফিউল বাশার, মো. খোকন সরকার, মো. কামাল হোসেন, গাজী সালাহউদ্দিন, নাসিম জয়, মো. পলাশ ও ফারজানা রুপার মতো অভিজ্ঞ লোকাল গাইড। মালয়েশিয়া থেকে পাভেল সারোয়ার ও সুমাইয়া জাফরীন চৌধুরী এবং জাপান থেকে তাহমিনা আক্তার তৃষা। তারা দীর্ঘদিন ধরে গুগল ম্যাপসে বাংলাদেশের বহু প্রান্তের তথ্য হালনাগাদ, ছবি যোগ ও ম্যাপকে নির্ভুল করতে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে আসছেন। এই স্বেচ্ছাসেবী দলকে সঠিক গাইডলাইন ও বাস্তবায়নের জন্য কাজ করছে ফেসবুক কমিউনিটি লোকাল গাইডস বাংলা ও বাংলাদেশ লোকাল গাইডস। 

সিঙ্গাপুরে এই সফরের সময় বাংলাদেশি প্রতিনিধিরা গুগল ম্যাপস টিমের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন। গুগল ম্যাপসের ভবিষ্যৎ ফিচার, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও স্থানীয় ম্যাপিংয়ের সব ধরনের চ্যালেঞ্জ নিয়ে বৈঠকে আলোচনা হবে। এ ছাড়া এশিয়ার কয়েকটি দেশের অভিজ্ঞ ম্যাপারের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন। সফর প্রসঙ্গে মো. খোকন সরকার সমকালকে বলেন, গুগল ম্যাপসকে বাংলাদেশের জন্য ব্যবহারবান্ধব করে তোলা আমাদের মূল লক্ষ্য। গত বছরের টোকিও সফরের ধারাবাহিকতায় এবার সিঙ্গাপুর অফিসে আমরা আমন্ত্রিত হয়েছি। আমরা চাইছি, বাংলাদেশের প্রতিটি ছোট-বড় ব্যবসা প্রতিষ্ঠান, হাসপাতাল ও রাস্তাঘাট যেন বিশ্বমানের নির্ভুল তথ্যের সঙ্গে ম্যাপে জায়গা করে নেয়। এই সফরের মাধ্যমে প্রাপ্ত জ্ঞান তারা বাংলাদেশে কর্মরত সব স্থানীয় লোকাল গাইডের সঙ্গে শেয়ার করবেন। এতে দেশে দক্ষ ম্যাপ কন্ট্রিবিউটর তৈরি হওয়ার পথ সুগম হবে।

কানেক্ট ফোরাম মডারেটর মো. শফিউল বাশার বলেন, লোকাল গাইডস বাংলা কমিউনিটি স্থানীয় মানসম্মত ম্যাপিংয়ের মাধ্যমে গুগল ম্যাপসকে ব্যবহারবান্ধব করে তুলতে কাজ করছে। বৈশ্বিক মান বজায় রেখে ব্যবসা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও গুরুত্বপূর্ণ স্থান সঠিকভাবে যুক্ত করার লক্ষ্যে কাজ করছে এ কমিউনিটি। বাংলাদেশের জন্য কাজ করা এসব গাইড চান গুগল ম্যাপস যেন বাংলাদেশের সব অঞ্চল, ব্যবসা, সেবামূলক প্রতিষ্ঠানকে সঠিকভাবে প্রতিনিধিত্ব করে।

তাদের প্রত্যাশা বিশ্বের উন্নত দেশগুলোর মতো ব্যবহারবান্ধব, তথ্যসমৃদ্ধ ও আপডেটেড একটি ম্যাপিং সিস্টেম গড়ে তোলা, যাতে স্থানীয় জনগণ এবং আন্তর্জাতিক পর্যটক– উভয়ের উপকার হয়। গুগল লোকাল গাইডরা মূলত স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে গুগল ম্যাপসের তথ্য যাচাই-বাছাই ও মানোন্নয়নে কাজ করেন। করোনার পর 
থেকে শুরু করে দুর্যোগকালীন সঠিক তথ্যের জোগান দিয়ে এই কমিউনিটি সাধারণ জনগণের উপকার করেছে। বাংলাদেশের এই তরুণদের হাত ধরে দেশের ম্যাপিং সিস্টেম ভবিষ্যতে তথ্যসমৃদ্ধ ও আপডেটেড হবে– এমন প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন

×