ক্যামেরা যখন ঝুঁকিপূর্ণ
সাব্বিন হাসান
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৩৮
ঝটপট পরিকল্পনায় ছুটছেন ভ্রমণে। কিন্তু বেড়াতে গিয়ে হোটেল কক্ষে প্রবেশ করার পর অনাকাঙ্ক্ষিত ভয় এখন কমবেশি সবার মধ্যে কাজ করে। অনেকের কাছে এই সমস্যা এখন বেশ আতঙ্কের। অনেকের মনে তাৎক্ষণিক প্রশ্ন তৈরি হয়, হোটেলের কক্ষে গোপন ক্যামেরা নেই তো।
সারাবিশ্বে প্রাইভেসি নষ্ট করার এই যুগে হোটেলে প্রবেশ করার পর এই প্রশ্ন মাথাচাড়া দিয়ে ওঠে। কীভাবে খুঁজবেন গোপন সেই ক্যামেরার অস্তিত্ব, যাকে হিডেন ক্যামেরা বলে শনাক্ত করা হয়েছে।
অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্তে সামনে এসেছে, কক্ষে সম্ভাব্য হিডেন ক্যামেরা কোথায় বসানো থাকতে পারে। অধিকাংশ ক্যামেরা প্রধানত আয়নার পেছনে বসানো হয়। যেন তা সহজে শনাক্ত না হয়। কারণ, উন্মুক্ত আয়না অন্তরঙ্গ মুহূর্তের নীরব সাক্ষী। ভেবে দেখুন তো একবার, হোটেল কক্ষে বা অজানা কোনো স্থানে গোপন ক্যামেরার মধ্যে দুটো লেয়ার রয়েছে কিনা। এমন কিছু সন্দেহ হলে তাৎক্ষণিক সতর্ক হতে হবে। অনেক বাস্তব ঘটনা থেকে জানা গেছে, ভেন্টিলেশনের জায়গা, ফায়ার অ্যালার্ম বা এসির মধ্যে লুকিয়ে রাখা হয় গোপন ক্যামেরা। তবে অধিকাংশ ক্যামেরা বসানো হয় বাথরুম আর খাটের ওপরের অংশে। এমন ধরনের সন্দেহ হলে সতর্ক হওয়া ছাড়া উপায় নেই। গোপন ক্যামেরা শনাক্তে প্রথমে ঘরটি পুরো অন্ধকার করতে হবে। এবার ক্যামেরার ফ্ল্যাশ লাইট অন করতে হবে। যেসব অংশে সন্দেহ হচ্ছে, সেখানে ফ্ল্যাশ লাইটের আলো ছড়াতে হবে। খুব ভালো করে যাচাই করবেন, আলোর প্রতিবিম্ব কোথাও (রিফ্লেকশন) পড়ছে কিনা। সহজ করে বললে, কাচে আলো ফেললে যেমন হয়, উল্টো রিফ্লেকশন হচ্ছে কিনা। এমন ঘটলে বুঝতে হবে সেখানে ক্যামেরা রয়েছে। আরেকটি সহজ উপায়ও আছে। ঘর অন্ধকার করে ক্যামেরা সক্রিয় করতে হবে।
সারা ঘরে ক্যামেরা ঘোরাতে হবে। বিশেষভাবে খেয়াল করবেন, কোনো অ্যাঙ্গেল থেকে ক্যামেরায় কোনো ডটেড কিছু দৃশ্যমান হচ্ছে কিনা। অনেক ক্ষেত্রে টিভি স্ক্রিনে কম্পন হলে যেমন হয়, তেমন কিছু ঘটছে কিনা। তেমনটি ঘটলে নিশ্চিত হবেন, ক্যামেরা রয়েছে। ব্যবহৃত মোবাইল ক্যামেরায় যেটি ধরা পড়ছে, সেটি আসলে ইনফ্রারেড রে। অনেক জটিল পদ্ধতির চেয়ে এ দুটি সহজ কৌশল গোপন ক্যামেরা অনুসন্ধানের সবচেয়ে পরীক্ষিত পদ্ধতি।
এ ছাড়া বেশ কিছু অ্যাপ রয়েছে, যেসব পদ্ধতি সহজে গোপন ক্যামেরা খুঁজতে সহায়তা করে। এসব অ্যাপ সাধারণত ম্যাগনেটিক ফিল্ড, ইনফ্রারেড রে ও বেশ কিছু সন্দেহজনক
সিগন্যাল খুঁজতে সহায়ক হয়।
আগ্রহীরা প্লে স্টোরে খুঁজলে এই রকম অনেক অ্যাপের খোঁজ পাবেন। অ্যাপে সন্দেহজনক কিছু দৃশ্যমান হলে ফ্ল্যাশলাইট জ্বালিয়ে বা ফোন ক্যামেরা সক্রিয় করে বিষয়টি অবশ্যই
যাচাই-বাছাই করতে হবে। কারণ, অনেক ক্ষেত্রে দৃশ্যমান হয়েছে, এসব অ্যাপ এমন কিছু ডিভাইস ক্যামেরা হিসেবে শনাক্ত করে, যা পরে দেখা যায় ক্যামেরা নয়। এমনটি হলে অভিযোগ করলে উল্টো সমস্যা তৈরি হতে পারে।
অবশ্য আরেকটি পরীক্ষিত উপায় রয়েছে। নিজের ব্যবহৃত ওয়াই-ফাই নেটওয়ার্ক পরীক্ষা করা। সবার আগে ওয়াই-ফাই নেটওয়ার্ক সার্চ করতে হবে। এতে যদি কোনো আইপি ক্যামেরা বা ক্যামেরা নামে কোনো নেটওয়ার্ক শনাক্ত হয়, তাৎক্ষণিক এ বিষয়ে হোটেল কর্তৃপক্ষের কাছে জানতে চাইতে হবে, এর পেছেনের কারণ কী? সারাবিশ্বে এটি বেশ পরীক্ষিত কৌশল। কারণ, যে কোনো গোপন ক্যামেরা কোনো না কোনো নেটওয়ার্কের মাধ্যমে জুড়ে থাকে। সেই তথ্য জানতে পারলে গোপন ক্যামেরা খোঁজার কাজটা বেশ সহজ হয়। সব মিলিয়ে গোপন ক্যামেরা থেকে নিজেকে সুরক্ষিত করার উপায় রয়েছে নিজের হাতে। কৌশল করে এসব পরীক্ষিত পদ্ধতি ব্যবহার করলে নিশ্চিতভাবে সুরক্ষিত থাকতে পারবেন, এটি নিশ্চিত।
ক্যামেরা শনাক্ত ও সুরক্ষা
ঘরের দ্বিমুখী বা জোড়া আয়না, এসির ভেন্ট, ফায়ার অ্যালার্ম, দেয়াল ঘড়ি, টিভি ফ্রেম ও বাথরুমের শাওয়ার হেডের মতো জায়গায় সাধারণত এসব ক্যামেরা লুকানো হয়।
ইনফ্রারেড রে শনাক্ত
অন্ধকার ঘরে ফোনের ক্যামেরা অন করে পুরো রুম ঘোরাতে হবে। স্ক্রিনে ক্ষুদ্র লাল বা বেগুনি ডট বা আলো কম্পন হলে বুঝতে হবে সেখানে রয়েছে ইনফ্রারেড ক্যামেরা।
ওয়াই-ফাই স্ক্যান
আইপি ঘরানার ক্যামেরা স্থানীয় ওয়াই-ফাই নেটওয়ার্কের মাধ্যমে ডেটা সংরক্ষণ করে। রুমের ওয়াই-ফাই লিস্ট অন করে কোনো অস্পষ্ট ডিভাইস বা আইপি ক্যামেরা সংযোগ রয়েছে কিনা, তা যাচাই করতে হবে।
সিগন্যাল পরীক্ষা
ফোনে কাউকে কল দিয়ে সন্দেহজনক ডিভাইসের খুব কাছে পৌঁছাতে হবে। গোপন ক্যামেরার কারণে রেডিও ফ্রিকোয়েন্সিতে বিঘ্ন ঘটলে ফোনে বিশেষ ধরনের ইন্টারফেয়ারেন্স বা বিকট শব্দ কানে আসবে। বর্তমানে প্রযুক্তির বিকাশের কারণে ছোট আকারের হিডেন ক্যামেরা পাওয়া যায়, যা সাধারণত খালি চোখে দ্রুত ও সহজে শনাক্ত করা কঠিন। অচেনা কোনো জায়গায় গিয়ে আতঙ্কিত না হয়ে মানসিকভাবে প্রস্তুত ও সচেতন থাকা অত্যন্ত জরুরি। নিজের ও প্রিয়জনের প্রাইভেসির চরম লঙ্ঘন প্রতিরোধে ক্যামেরা খোঁজার সহজ ও পরীক্ষিত কিছু কৌশল রয়েছে।
সঠিক সচেতনতা ও সামান্য সতর্কতা– এসব অপ্রত্যাশিত ঝুট-ঝামেলা থেকে অনেকটা সুরক্ষা দেবে। আজকাল হোটেল কক্ষ, ড্রেসিংরুম বা পাবলিক ওয়াশরুমে গোপনে ক্যামেরা লুকিয়ে রাখার মতো অনেক অপ্রীতিকর ঘটনা শনাক্ত হয়েছে। এমন সংশয় যে শুধু মানসিক প্রশান্তিকে ব্যাহত করে তা কিন্তু নয়; বরং ব্যক্তিগত নিরাপত্তা ও সামাজিক সম্মানের জন্য ভয়ংকর হুমকি হয়ে দাঁড়িয়েছে।
- বিষয় :
- ক্যামেরা