ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

কম্পিউটার সমিতির সভাপতি মুনীর, মহাসচিব মনিরুল

কম্পিউটার সমিতির সভাপতি মুনীর, মহাসচিব মনিরুল
×

মো. শাহিদ-উল-মুনীর ও মোহাম্মদ মনিরুল ইসলাম

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০২০ | ০৯:৩৩

তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ২০২০-২২ মেয়াদের সভাপতি নির্বাচিত হয়েছেন ইপসিলন সিস্টেমস অ্যান্ড সলিউশনের চেয়ারম্যান মো. শাহিদ-উল-মুনীর এবং মহাসচিব হয়েছেন কম্পিউটার সিটি টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম।

এছাড়া জাবেদুর রহমান শাহীন সহ-সভাপতি, মুজাহিদ আল বেরুনী যুগ্ম-মহাসচিব, কামরুজ্জামান ভূঁইয়া কোষাধ্যক্ষ এবং মোশারফ হোসেন সুমন ও রাশেদ আলী ভূঁঞা পরিচালক নির্বাচিত হয়েছেন। 

সোমবার ৭ বিজয়ী প্রার্থী নিজেদের মধ্যে পদবণ্টন নির্বাচনে অংশ নেন। পরে রাজধানীর বিসিএস কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান টি আই এম নুরুল কবির নির্বাচনী প্রক্রিয়ার বিস্তারিত তুলে ধরেন। এ সময় নির্বাচন বোর্ডের সদস বীরেন্দ্র নাথ অধিকারী উপস্থিত ছিলেন।

এর আগে গত শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) দিনব্যাপী এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিসিএসের ১ হাজার ১২৬ ভোটারের মধ্যে ১ হাজার ৩৪ জন ভোট দেন। এবারের নির্বাচনে দু'টি প্যানেলে ১৪ প্রার্থী ছাড়াও স্বতন্ত্র হিসেবে তিন প্রার্থী অংশ নেন। শাহিদ-উল-মুনীর নেতৃত্বে সমমনা-৭ প্যানেল থেকে পাঁচজন ও 'চ্যালেঞ্জার্স-২০২১' প্যানেল থেকে দু'জন বিজয়ী হন। সমমনা ৭ প্যনেলের বিজয়ীরা হলেন- শাহিদ-উল-মুনীর (৫৬৮ ভোট), মোহাম্মদ মনিরুল ইসলাম (৫৬০ ভোট), মোশারফ হোসেন সুমন (৫৫২ ভোট), মুজাহিদ আলবেরুনি সুজন (৫৪৯ ভোট) এবং জাবেদুর রহমান শাহীন (৪৮৭ ভোট)। 'চ্যালেঞ্জার্স-২০২১' প্যানেল থেকে মো. কামরুজ্জামান ভূঁইয়া (৬১৮ ভোট) এবং রাশেদ আলী ভূঁঞা ৫৫১ ভোট পেয়ে বিজয়ী হন।

বিসিএেসর কেন্দ্রীয় কমিটির পাশাপাশি বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, যশোর, ময়মনসিংহ ও সিলেট শাখা কমিটিরও নির্বাচন অনুষ্ঠিত হয়। নব-নির্বাচিত কমিটি ১ এপ্রিল দায়িত্ব নেবেন।

কমিটির নব-নির্বাচিত সভাপতি মো. শাহিদ-উল-মুনীর বলেন, বিসিএসের হারানো গৌরব ফিরিয়ে আনতে সবাইকে নিয়ে কাজ করব। ব্যবসায়ীবান্ধব সমিতির পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অন্যতম অংশীদার হিসেবে বিসিএসের অংশগ্রহণ নিশ্চিতেও কাজ করবে নতুন কমিটি। সংবাদ বিজ্ঞপ্তি।

আরও পড়ুন

×